ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে 'জাতির বিবেক' অভিহিত করে বলেছেন, এই সরকার দুর্নীতি চিরতরে নির্মূল করতে চায়।
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, "দুর্নীতি নির্মূলের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং দুর্নীতিবাজরা কেউ রেহাই পাবে না।"
মুক্তিযুদ্ধে জেনারেল ওসমানীর অবদানের কথা স্মরণ করে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইফতেখার চৌধুরী বলেন, "তিনি 'দুষ্টের দমন ও শিষ্টের লালন' নীতিতে আজীবন অটল ছিলেন। নীতির প্রশ্নে তিনি কোনো দিন আপস করেননি।"
'মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও সন্ত্রাস নির্মূলে মুক্তিযোদ্ধাদের ভূমিকা' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা সাংবাদিক পরিষদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমান, বিচারপতি গোলাম রব্বানী, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লে. জে. (অব.) কেএম সফিউল্লাহ ও মেজর জেনারেল (অব.) সিআর দত্ত, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জামান, উইং কমান্ডার এম হামিদুল্লাহ খান।
জেনারেল ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে তিনি সর্বাধিনায়ক ছিলেন। তিনি ১৯৭২ সালে সেনাবাহিনী থেকে পদত্যাগ করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় যোগদেন। ১৯৮৪ সালে তিনি মারা যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএইচবি/এমএইচবি/২১৫৩ ঘ.
bdnews24