নীলফামারী, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে দুস্থদের জন্য বরাদ্দ ১৪ বস্তা চাল লুকিয়ে রাখা স্থান থেকে শুক্রবার স্থানীয় জনগণ আটক করেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে পুলিশ তা জব্দ করে।
ইউএনও শরিফুল আলম জানান, চালগুলো ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক তার কাছের লোকজনদের দেওয়ার জন্য অন্যের বাড়িতে রেখে দিয়েছিলেন। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সদর থানার উপ-পরিদর্শক অসীম কুমার দাস জানান, ইউনিয়ন পরিষদ ভবনের পাশে আসমত আলীর বাড়ি থেকে ১৪ বস্তা চাল আটক করা হয়। এগুলো জব্দ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রশাসন সূত্র জানায়, মঙ্গা মোকাবেলায় সদরের খোকশাবাড়ী ইউনিয়নে দুস্থদের মাঝে বিতরণের জন্য চেয়ারম্যান আনোয়ারুল হকের নামে ২ হাজার ৫০০ ভিজিএফ কার্ডের অনুকূলে ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল ও হবিবর রহমান জানান, শুক্রবার চাল বিতরণ শুরু করার আগেই চেয়ারম্যান তার লোকজন দিয়ে ১৪ বস্তায় ৬৬০ কেজি চাল পরিষদ ভবনের পাশে আসমত আলীর বাড়িতে লুকিয়ে রাখে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তা আটক করে ইউএনওকে খবর দেয়।
খোকশাবাড়ী ইউপির ২ নম্বর ওয়ার্ডের রামকলা গ্রামের হবিবর রহমান, তাজ উদ্দীন, আব্দুল খালেক, আলী হোসেনসহ আরো অনেকে দুর্নীতিবাজ চেয়ারম্যান আনোয়ারুল হককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
তাদের অভিযোগ, প্রতিটি ভিজিএফ কার্ডে এক হাজার টাকা ঘুষ নিয়েছেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। তারপরও অনেকেই কার্ড পায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯০১ ঘ.
bdnews24