২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সবজির বাজার চড়া, রোজার আগে উৎকণ্ঠায় ক্রেতারা

নগরীর কাঁচা বাজারগুলোতে লাগামহীনভাবে বাড়ছে সবজির দাম। রমজানের দুই সপ্তাহ আগে সবজির দামের এ ঊর্ধ্বগতি ক্রেতাদেরকে ভাবিয়ে তুলেছে। প্রতি সপ্তাহে পণ্যের দাম বাড়াতে হতাশা ব্যক্ত করেছেন ক্রেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 10:52 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

চট্টগ্রাম, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর কাঁচা বাজারগুলোতে লাগামহীনভাবে বাড়ছে সবজির দাম। রমজানের দুই সপ্তাহ আগে সবজির দামের এ ঊর্ধ্বগতি ক্রেতাদেরকে ভাবিয়ে তুলেছে। প্রতি সপ্তাহে পণ্যের দাম বাড়াতে হতাশা ব্যক্ত করেছেন ক্রেতারা। শুক্রবার সকালে রিয়াজ উদ্দিন বাজারে সবজি কিনতে আসা সরকারি চাকরজীবী আহমদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দিন দিন ক্রয়ক্ষমতা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহেও প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। গত সপ্তাহে শসা ২০ টাকা দরে কিনলেও আজ (শুক্রবার) কিনলাম ২৮ টাকায়।" "এভাবে জিনিসপত্রের দাম বাড়তে থাকলে সংসার চালাতে আয় বাড়ানো ছাড়া উপায় নেই। কিন্তু এ বয়সে আর কী করব- তা ভেবে উঠতে পারছি না"- হতাশ কণ্ঠে বললেন পঞ্চাশোর্ধ্ব আহমদ হোসেন। শুধু সবজি নয় রোজার ঠিক আগে অন্যান্য পণ্যের দামও বাড়তির দিকে বলে জানালেন ক্রেতা ও দোকানিরা। নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। সরকার প্রতি লিটার সয়াবিন তেল ৮০ টাকা নির্ধারণ করে দিলেও তা প্রতি লিটার বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৪ টাকায়। এর কারণ হিসাবে কাজীর দেউরী বাজারের মুদি দোকানদার সৈয়দ আহমদ বলেন, "কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দেওয়ায় বাড়তি দাম নেওয়া হচ্ছে।" শুধু বোতলজাত এক লিটার নয়, পাঁচ লিটার তেলের জারেও ১০ থেকে ১৫ টাকা বেশি নেওয়া হচ্ছে। এ দোকানের কয়েক হাত দূরে বিডিআরের বিক্রয় কেন্দ্রে পাঁচ লিটারের জার যেখানে বিক্রি হচ্ছে ৩৮৫ টাকায় সেখানে দোকানদাররা নিচ্ছেন ৩৯৫ থেকে ৪০০ টাকা। রমজানের আগে দাম কমার কোন সম্ভাবনা নেই বলে ওই দোকানি জানান। নগরীর রিয়াজ উদ্দিন বাজার ও কাজীর দেউরী বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম বাড়লেও মাছ ও গরুর মাংসের দাম স্থিতিশীল রয়েছে। দাম বেশি হলেও বাজারে এসেছে শীতকালীন সবজি বাঁধাকপি ও মুলা। বেড়েছে কাঁচামরিচ ও ধনেপাতার দাম। দোকানি ও ক্রেতারা জানায়, গত সপ্তাহের তুলনায় উভয় বাজারে শুক্রবার সকালে প্রতিটি সবজিতে কেজি প্রতি ৩-৪ টাকা বেড়েছে। পাইকারি বাজার রিয়াজ উদ্দিন বাজারের সঙ্গে অভিজাত কাঁচাবাজার হিসাবে পরিচিত কাজির দেউরী বাজারে দামের ক্ষেত্রে একটা ব্যবধান দেখা যেত। কিন্তু শুক্রবার সবজির ক্ষেত্রে দামের তেমন হেরফের চোখে পড়েনি। সবজির দাম বৃদ্ধি প্রসঙ্গে রিয়াজ উদ্দিন বাজারের পাইকারি ব্যবসায়ী হাজী আবদুর রাজ্জাক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "চট্টগ্রামের চাহিদার অধিকাংশ সবজি আসে উত্তরবঙ্গ থেকে। বন্যার কারণে চাহিদা অনুযায়ী আমদানি কমে গেছে। এ কারণেই খুচরা বাজারে দাম বাড়তি।" এছাড়া শবেবরাতের টানা ছুটিও দাম বাড়ার আরেকটি কারণ বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, "কয়েকদিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে। কিন্তু বর্তমান অবস্থা চলতে থাকলে রমজানের সময় বাজার আরও অস্থিতিশীল হতে পারে।" নগরীর রিয়াজ উদ্দিন বাজারে শুক্রবার সকালে প্রতি কেজি শসা ২৮ টাকা, বেগুন ৩০ টাকা, পটল ২৮ টাকা, কাঁকরোল ৩০ টাকা, বাঁধাকপি ২৮ টাকা, বরবটি ২৮ টাকা, টমেটো ৭০ টাকা, ঢেঁড়শ ৩২ টাকা, মিষ্টি কুমড়া ১৬ টাকা, আলু ২০ টাকা, করলা ৩০ টাকা, ঝিঙে ৩২ টাকা, মুলা ২০ টাকায় বিক্রি হয়েছে। কাজীর দেউরী বাজারেও প্রায় একই দামে সবজি বিক্রি হচ্ছে। উভয় বাজারে কাচাঁমরিচ প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকা এবং ধনে পাতা ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে উভয় বাজারে শবেবরাতের আগের দিন থেকেই মাছের দাম কমেছে। সামুদ্রিক মাছের প্রচুর সরবরাহ এর একটি কারণ বলে বিক্রেতারা জানান। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৪০ টাকায়। কাতলা প্রতি কেজি ১৩০ থেকে ১৫০ টাকা, রুই ১১০ থেকে ১৬০ টাকা, রূপচান্দা ৩০০ টাকা, লাক্ষা ৪২০ টাকা, কোরাল ২৪০ টাকা, লইট্টা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরীর শুক্রবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা বাজার দর অনুযায়ী, গত এক মাসে মোটা চালের দাম ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি কেজি ২৩ থেকে ২৪ টাকায় বিক্রি হচ্ছে। খোলা আটার দাম ১১ দশমিক ৭৬ শতাংশ বেড়ে প্রতি কেজি ২৮ থেকে ২৯ টাকা হয়েছে। ছোলার দাম বেড়েছে ৭ দশমিক ৬৩ শতাংশ। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকায়। সয়াবিন তেলের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। পিঁয়াজের দাম ১৫ শতাংশ বেড়ে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩২ টাকা দরে। ব্রয়লার মুরগির দাম বেড়েছে সবচেয়ে বেশি। ২৮ দশমিক ৭৪ শতাংশ দাম বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/এমআই/১৮৪৫ ঘ.