রুহুল আমিন রানা
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, ২৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শাটল ট্রেনের শব্দে এখন আর ঘুম ভাঙে না বিশ্ববিদ্যালয় শিক্ষক আতিকুর রহমানের। সকালে উঠতে প্রায়ই তাই দেরি হয়ে যায়। ক্লাশে যাওয়ার তাড়া নেই বলে আরও একটু বিছানায় গড়িয়ে নেন সকালগুলোতে। আলসেমিতে কেটে যায় দিনের প্রথম প্রহরের বেশ কিছুটা সময়। ক্যাম্পাস বন্ধ থাকায় তার দিনের সময়সূচির অনেকটাই বদলে গেছে। তবে শিক্ষক কিংবা কর্মচারীদের জীবনযাপনে পরিবর্তন জীবিকার ওপর রেখাপাত না করলেও বিপাকে পড়েছেন ক্যাম্পাস সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষরা, বিশেষ করে রিকশা চালক ও দোকানদাররা। নির্জন ক্যাম্পাসের চিত্র তুলে এনেছেন রুহুল আমিন রানা।
শাটল ট্রেন নির্ভর এই ক্যাম্পাসের অনেক কিছুই ওলট পালট হয়ে গেছে গত কয়েকদিনে। আকস্মিকভাবে গত বুধবার বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় সেই কোলাহলমুখর পরিবেশ পরিণত হয়েছে বিরান জনপদে। শহর থেকে ২২ কিলোমিটার দূরে জোবরা গ্রামে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী দুটি শাটল ট্রেন বন্ধ থাকায় প্রতিটি সকাল এখন আর জেগে ওঠে না হাজারো মুখরিত তরুণের উচ্ছ্বাসে।
ছায়া সুনিবিড় সংযোগ সড়কের শেষ মাথায় অবস্থিত ক্যাম্পাস রেল স্টেশনে পৌঁছুলে তাই এখন আর কোনো কোলাহলের চিত্রও দেখা যায় না। জনমানবহীন স্টেশনে রিকশার টুংটাং আওয়াজ কানে ভেসে আসে অনেক দূর থেকে।
সামান্য একটু এগিয়ে দুই পাহাড়ের বুকের মাঝ দিয়ে তৈরি রাস্তা ধরে মূল ক্যাম্পাসের দিকে এগোলে নিরবতা আরও বাড়তে থাকে। পাতার খসখস শব্দও যেন কানে বাজে। রাস্তার পাশে পাহাড়ের খাঁজে বাসা বেধে থাকা পাখির কলতান আপনার দৃষ্টি কাড়বে নিমিষেই। জনমানবশূন্য ক্যাম্পাসে চারিদিকে শুনসান নিরবতা।
বিশ্ববিদ্যালয় খোলা থাকলে সকাল থেকে অনেক রাত পর্যন্ত এ রাস্তা মুখরিত থাকত শত শত নবীনের পদচারণায়। এখন শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু করে ক্যাম্পাসের কোথাও প্রাণের স্পন্দন চোখে পড়ে না। আর এ সুযোগেই পড়ন্ত বিকালেই গুটিগুটি পায়ে পাহাড় থেকে নেমে আসা শিয়ালের দেখাও মেলে প্রায়ই।
পাহাড়ের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ভবনগুলোকে বড় নিসঙ্গ মনে হয়। দুপুর পর্যন্ত অফিস খোলা থাকায় প্রশাসনিক ভবন ও অনুষদগুলোতে কিছুটা প্রাণ থাকলেও বিকাল হতেই নিরবতার চাদরে ঢাকা পড়ে যায় সব কিছু।
প্রকৃতির এ নির্মলতা ও নির্জনতা কবি ও ভাবুক কিংবা নিঃসঙ্গতা প্রিয়দের কাছে উপভোগের বিষয় হলেও খেটে খাওয়া কর্মজীবীদের কাছে তা পাথরের মতো ভারী হয়ে ধরা দিয়েছে।
মঙ্গলবার বিকালে ক্যাম্পাস ঘুরে বিভিন্ন রাস্তার মাথায় কিছু লোকজনের ছড়ানো ছিটানো আড্ডা চোখে পড়ে। গুটিকয়েক রিকশাওয়ালা সিটের ওপর পা উঠিয়ে বসে আছে কখন একটি ভাড়া পাওয়া যাবে সেই আশায়।
ছাত্র-ছাত্রীরা নেই বলে তাদের মধ্যে সেই পরিচিত ব্যস্ততা কিংবা প্রাণোচ্ছ্বাসও নেই। বিষণ
bdnews24