২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে 'ক্যাম্পাস পুলিশ ও গোয়েন্দা সংস্থা' প্রতিষ্ঠা নিয়ে আলোচনা

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তার জন্য ক্যাম্পাস পুলিশ ও নিজস্ব গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের আপত্তির কারণে এই বিষয়টি আলোচনায় আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 03:24 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিরাপত্তার জন্য ক্যাম্পাস পুলিশ ও নিজস্ব গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের আপত্তির কারণে এই বিষয়টি আলোচনায় আসে। বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এই দশম সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান এবং আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। সভা শেষে মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, পবিত্র রমজান মাসে ঈদকে সামনে রেখে হকাররা যাতে ব্যবসা করতে পারে সেজন্য গুলিস্তান ও নিউমার্কেটসহ বেশকিছু এলাকায় হকারদের বসার ব্যবস্থা করা হবে। এ সময়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় দোকানপাট রাত আটটার পরিবর্তে স্বাভাাবিক নিয়মে খোলা রাখা হবে। অর্থাৎ রাত আটটায় দোকান বন্ধের যে নিয়ম রয়েছে তা থাকবে না। তিনি বলেন, "সরকার ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে পরিকল্পনা করছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার কারণে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া পিছিয়ে গেল। এখন সরকারকে আবারো এ বিষয়ে নতুন করে ভাবতে হবে।" বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে নতুন শিক্ষবর্ষে শিক্ষার্থী ভর্তিতে সমস্যার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "কত তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া যায় এ ব্যাপারে সরকার ভাবছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয় সেজন্য শিক্ষা মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নেবে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে তদন্ত কমিটি হলেও অন্য বিশ্ববিদ্যালয়ের ঘটনায় কোনো তদন্ত কমিটি হয়নি। এ ব্যপারে মইনুল হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ঘটেছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তদন্ত করে দোষীদের চিহ্নিত করা গেলেই প্রকৃত ঘটনা উদ্ধার হবে। সেজন্য আর কোনো তদন্ত কমিটির প্রয়োজন হবে না। বিশ্ববিদ্যালয় খুলে না দিলে তদন্ত কাজে কমিশনের অসুবিধা হতে পারে বলে সাংবাদিকরা কমিশনের ধারণার কথা জানারে তিনি বলেন, "কমিশনের অসুবিধা হলে তার কার্যকালের মেয়াদ বাড়ানো হবে। এ নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই।" তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করার ব্যাপারে তিনি বলেন, "রিপোর্টে রাষ্ট্রের নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো বিষয় না থাকলে অবশ্যই জনসমক্ষে প্রকাশ করা হবে। তবে যদি নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো বিষয় থাকে তা বাদ দিয়ে আংশিকভাবে প্রকাশ করা হবে।" তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে। টার্গেট করে দোকানপাট লুপপাট করা হয়েছে। দোষীদের ইতোমধ্যেই চিহ্নিত করা গেছে। তাদের ধরার জন্য খোঁজা হচ্ছে। স্বরাষ্ট্রসচিব আব্দুল করিম জানান, সভায় গত ২০ থেকে ২২ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্বাবদ্যালয়সহ যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল সে বিষয়ে চুলচেরা আলোচনা হয়েছে। সেই ঘটনার মূল হোতাদের খুঁজে বের করে গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। ওই ঘটনায় ঢাকা মহানগরের ৭৪ জন পুলিশ আহত হয়েছেন। তার মধ্যে চারজন উপ-কমিশনার পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। তিনি আরও বলেন, দেশে জরুরি অবস্থা জারি থাকলেও ব্যাংক ইনস্যুরেন্স কোম্পানিসহ যেসমস্ত প্রতিষ্ঠানে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে তারা তা করতে পারবেন। তবে যেন দেশের জরুরি বিধিমালা খর্ব না হয় সে বিষয়ে লক্ষ রাখতে হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী, মহা পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ, ডিএমপি কমিশনার নাইম আহম্মেদ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এমএইচবি/২১১০ ঘ.