ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলা বাতিলের আবেদনের ওপর বুধবার সপ্তম দিনের শুনানিকালে মামলাটির একটি পক্ষ হতে দুর্নীতি দমন কমিশনের করা আবেদন নাকচ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চে শুনানিতে সরকার পক্ষে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদূর রউফ মিয়া। তিনি তার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন।
এ মামলা বাতিলের আবেদনে প্রতিপক্ষ হওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের পক্ষে অ্যাডভোকেট খোরশেদ আলম হাইকোর্টে একটি আবেদন করেন। আবেদনটি বুধবার আদালতে উপস্থাপন করে তিনি বলেন, এ মামলা দুর্নীতি দমন ব্যুরো দায়ের করেছিল। ব্যুরোর সমস্ত দায়দায়িত্ব এখন দুর্নীতি দমন কমিশনের। তাই মামলায় কমিশন পক্ষ হয়ে জবাব দিতে পারে।
এর জবাবে আদালত বলেন, এ মামলায় রাষ্ট্র একটি পক্ষ। কমিশনের পক্ষ হওয়ার কোন প্রয়োজন নেই। আদালত কমিশনের আবেদন নাকচ করে দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তার শেষ যুক্তিতর্ক উপস্থাপন কালে বলেন, মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয়ের আগে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছিল। তারা বলেছিলেন বাংলাদেশের মতো ছোট দেশের জন্য এ বিমান কেনা উচিত নয়। সেই মতামত উপেক্ষা করে রাষ্ট্রীয় অর্থ অপচয় করে এ যুদ্ধ বিমান কেনা হয়েছে।
এরপর আসামি শেখ হাসিনার পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয়ের সব প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল। এতে কোনো দুর্নীতির আশ্রয় নেওয়া হয়নি। মিগ-২৯ ক্রয় নিয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি আদালতে উপস্থাপন করে তিনি এ মামলা খারিজ করার আবেদন জানান।
প্রসঙ্গত শেখ হাসিনাসহ সাত আসামির সবাই মামলাটি বাতিল করতে পৃথক আবেদন করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/ডিডি/এমএইচবি/১৯৪৮ ঘ.
bdnews24