নড়াইল, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীর পানির চাপে নোয়াগ্রাম বেড়িবাঁধ সংলগ্ন রিংবাঁধটি ভেঙে গেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে বাঁধটি ভেঙে যাওয়ার পর কালিয়া, লোহাগড়া ও সদর উপজেলার ১০টি ইউনিয়নে পানি ঢুকে পড়ে।
এলাকাবাসী জানায়, পানিতে প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে ; ভেসে গেছে সহস্রাধিক মাছের ঘের। এছাড়া প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
নড়াইলে যৌথবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজল জানান, রিং বাঁধটি ভেঙে পানি মূল বাঁধের ভেতর ঢুকে পড়েছে। সেনাবাহিনী, জেলা প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানরা জনসাধারণকে সঙ্গে নিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চালাচ্ছেন।
এক সপ্তাহের মধ্যে বাঁধটি আবারো পূনঃনির্মাণ করা সম্ভব বলে ওই সেনা কর্মকর্তা জানান।
সেনাবাহিনী, জেলা প্রশাসন ও স্থানীয় জনগণ সম্মিলিত উদ্যোগে তিন সপ্তাহ আগে এই রিংবাঁধটি তৈরি করেছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এমআই/১৯৩৭ ঘ.
bdnews24