ঢাকা,আগষ্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সহায়তা এবং ব্যবসার সুযোগ-সুবিধা করে দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে র্যাব রাজধানীর বনানী থেকে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
সোমবার রাতে বনানীর একটি বায়িং হাউস থেকে সন্দেহভাজন প্রতারকদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে জিয়াউল আহসান,জিল্লুর রহমান,সাইফুল আমিন,জাভেদ আলি এবং মনিরুজ্জামান। জিয়াউল আহসান ওই বায়িং হাউজের মালিক।
র্যাব-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো:এনামুল করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার দুপুরে জানান, গ্রেপ্তারকৃতরা একটি বড় চক্রের সদস্য। যেসব ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে সাহায্য করার নামে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এনামুল করিম জানান, ইলিয়াস ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠানকে ব্যবসায়িক সুবিধা দেয়ার নাম করে ৬৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি।
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারকৃত ভূমি মন্ত্রণালয়ের অফিস সহকারি কুতুব উদ্দিনকে ছাড়ানোর ব্যবস্থা করার আশ্বাস দিয়ে তার পরিবারের কাছ থেকে চক্রটি ৫ লাখ টাকা নিয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
এছাড়া তারা রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে মামলা 'হালকা' করে মিনুকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে বলে পাঁচ কোটি টাকার চুক্তি করে। তবে এ ব্যাপারে টাকা লেনদেন হয়নি।
গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে র্যাব সূত্র জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৭২৯ঘ.
bdnews24