ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- এইচএসসি পরীক্ষার ফল এমন সময়ে বের হলো যখন কিনা সহিংস বিক্ষোভের জের ধরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সদ্য কলেজের গন্ডী পেরনো শিক্ষার্র্থী, তাদের অভিভাবক আর শিক্ষকমহল সবাই কমবেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন সম্ভাব্য সেশনজটের কথা ভেবে।
বাণিজ্য বিভাগ থেকে নটরডেম কলেজের জিপিএ-৫ পাওয়া ছাত্র জাকারিয়া আল প্রত্যয়কে উচ্চশিক্ষা নিয়ে তার পরিকল্পনার কথা জিজ্ঞেস করলে তিনি জানালেন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ নিয়ে তার উদ্বেগের কথা।
জাকারিয়া বলেন, "পাবলিক বিশ্ববিদ্যালয়েই ভর্তি হওয়ার চেষ্টা করব। আমার প্রথম পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়। অবস্থা দেখে মনে নয় এবার সম্ভবত পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেরিতে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আমরা উদ্বিগ্ন। তাহলে সবকিছুই তো পিছিয়ে যাবে।"
একা প্রত্যয় নন, শিক্ষার্থীদের অনেকেই ভর্তি হওয়ার আগে আগে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় উদ্বিগ্ন।
ভিকারুননিসা নুন কলেজের শিক্ষার্থী দীপা হায়দার ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, "এইচএসসির ফল তাড়াতাড়ি বের হলেও বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তাই কবে বিশ্ববিদ্যালয় খুলবে আর কবেই বা ভর্তি পরীক্ষা হবে তা বুঝতে পারছিনা।"
বান্ধবীরা কেউ কেউ এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাওয়ার কথা ভাবছেন বলে জানান দীপা ।
একই ভাবনা অবিভাবক, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকের। পাবলিক বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের জের পড়বে এইচএসসি- উত্তীর্ণ এসব শিক্ষার্থীর পরবর্তী শিক্ষা জীবনে। বিশ্ববিদ্যালয় জীবনের অনিবার্য অনুষঙ্গে পরিণত সেশনজট থেকে এবার এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরাও রেহাই পাবে না।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালগুলো খুলে দেয়া হলেও পাবলিক বিশ্ববিদ্যালগুলোকে এখনও খুলে দেওয়া হয়নি-- এটা দুর্ভাগ্যজনক।"
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, " খুব শিগগিরই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কোনো লক্ষণও নেই। তাই কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং ক্লাশসহ একাডেমিক কার্যক্রম শুরু হতে পারবে সে ব্যাপারে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। নতুন শিক্ষাবর্ষে ভর্তি হয়েই নবাগতদের সেশনজটে পড়ার আশঙ্কা তো আছেই।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে দেড় থেকে দুই বছর সেশনজট রয়েছে। মূলত ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ডের জের ধরে ঘন ঘন বন্ধের কারণে নিকট অতীতে সেশনজট তীব্র আকার ধারণ করে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে কম-বেশি একই অবস্থা বিদ্যমান।
সেশনজট কমিয়ে আনার জন্য বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়গুলো উদ্যোগ নিলেও অনির্ধারিত বন্ধের কারণে সবই ব্যর্থ হয়েছে। সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতে এবার ডিসেম্বর নাগাদ সব ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
ভর্তি পরীক্ষা প্রত্যাশিত সময়ে নেওয়া সম্ভব হবে কিনা জানতে চাইলে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখনো আশাবাদী। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেই সকল পরীক্ষা অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হবে। ভর্তি পরীক্ষা যাতে প্রত্যাশিত সময় ডিসেম্বরে অনুষ্ঠিত হয় উপাচার্য ফিরলেই সে ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা হবে।"
জাহাঙ্গীনরনগর বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্যায়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বিডিনিউজকে বলেন, "বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে তার প্রভাব সবার ওপরই পড়বে। এখন যারা পড়ছে তাদের ওপর যেমন পড়ছে ভবিষ্যতে যারা আসবে তাদের ওপরও পড়বে। এই দুষ্টচক্র সবাইকে আঘাত করে।"
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান বলেন, ফেব্র"য়ারির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা ছিল। সেদিক দিয়ে এখনো যথেষ্ট সময় রয়েছে। তাই খুব বেশি সমস্যা হবেনা বলে তিনি মনে করেন।
অধ্যাপক হাসান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিষয়টি মাথায় রাখতে রাখতে হয় বলে এটা একটা সমস্যা। তারপরও এ পরিকল্পনামাফিকই কাজ চলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএইচএস/এসকে/১৪০৩ ঘ.
bdnews24