ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবলীগ সভাপতি স্বপন ভূইয়া এবং লক্ষ্মীপুর সদরের যুবলীগ কর্মী জিল্লুর রহমান জিল্লাল (৩০) খুন হয়েছেন বলে দলীয় নেতারা জানিয়েছেন।
আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, রোববার সকালে এনায়েতপুরের গোপিনাথপুর গ্রামের একটি ডোবা থেকে স্বপন ভূইয়ার লাশ উদ্ধার করা হয়েছে।
এনায়েতপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিরাজ উল্লাহ জানান, শনিবার রাতে একদল সন্ত্রাসী স্বপন ভূইয়াকে মেরে ডোবায় ফেলে গেছে। তার ধারণা, পূর্ব শক্রতার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।
তবে পুলিশের ধারণা, মদ্যপ অবস্থায় পানিতে পড়েই যুবলীগ নেতার মৃত্যু হতে পারে। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দীন বলেন, "শনিবার রাতে স্বপন ভূইয়া গোপনীনাথপুর এলাকায় একটি বাড়িতে কয়েকজন বন্ধুসহ মদ পান করছিলেন। পুলিশ ওইদিন ওই বাড়ি থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে। তখন পানিতে লাফ দিয়ে পালানোর সময় স্বপন ডুবে যেতে পারেন।"
লক্ষীপুর প্রতিনিধি জানান, শনিবার রাতে সদর উপজেলার দুর্গাপুর গ্রামে একদল সন্ত্রাসী যুবলীগ কর্মী জিল্লুর রহমান জিল্লালকে গুলি ও জবাই করে হত্যা করেছে।
জিল্লাল গোবিন্দপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে। স্থানীয় আওয়ামী লীগ বিল্লালকে যুবলীগ কর্মী বলে দাবি করেছে।
সদর থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নিহতের মাথায় গুলির গর্ত এবং ঘাড় ও গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১২২ ঘ.
bdnews24