যশোর, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোর শিক্ষা বোর্ডে চলতি বছর এইচএসসিতে পাশের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ; যা গত বছরের চেয়ে ৫ দশমিক ০৮ ভাগ বেশি। গত বছর পাশের হার ছিল ৫৪ দশমিক ৪০।
এ বছর যশোর বোর্ডে মোট ৭৮ হাজার ১৩৪ জন পরীক্ষায় অংশ নেয়। কৃতকার্য হয়েছে ৪৬ হাজার ৪৭৮ জন। এর মধ্যে ১ হাজার ১১৯ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭৩২ জন।
পরীক্ষার্থীদের পাঠ্যবইয়ে মনোনিবেশ ও নকল প্রতিরোধে কাঠোর ব্যবস্থা নেওয়ায় পাসের হার বেড়েছে বলে দাবি করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আমীরুল আলম খান।
যশোর বোর্ডে এবার বিজ্ঞান বিভাগে ৮ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬০২৮ জন; পাসের হার ৭০ দশমিক ২৭ শতাংশ।
মানবিক বিভাগে ৫০ হাজার ৩৩৪ জনের মধ্যে পাস করেছে ২৬১৬৭; পাসের হার ৫১ দশমিক ৯৯ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ১৯ হাজার ২২২ জনের মধ্যে পাস করেছে ১৪ হাজার ২৮৩ জন; পাসের হার ৭৪ দশমিক ৩১ শতাংশ।
যশোর বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেদের পাসের হার বেশি। ছেলেদের ক্ষেত্রে এ হার ৬১ দশমিক ৫৪ এবং মেয়েদের ক্ষেত্রে তা ৫৬ দশমিক ৮৬ শতাংশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৩ ঘ.
bdnews24