২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় মেয়র সরোয়ার সাত দিন রিমান্ডে

ট্যারা শাহজাহান হত্যা মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ারকে সাত দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 10:36 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

বরিশাল, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ট্যারা শাহজাহান হত্যা মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ারকে সাত দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। রোববার মেয়র সরোয়ারকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মীর কাশেম। তখন বিচারক মুনিম হাসান তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শক মিহির কুমার দাস ও আসামি পক্ষের আইনজীবী শাখাওয়াত হোসেন জুন্মান, কামরুল আহসান শাহীনসহ প্রায় অর্ধশত আইনজীবী রিমান্ড আবেদনের শুনানিতে অংশ নেন। আদালতের নির্দেশের পর কড়া নিরাপত্তার মধ্যে দুপুর ১টার দিকে মেয়র সরোয়ারকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। ২০০৩ সালের ১৬ সেপ্টেম্বর দুর্বৃত্তরা নগরীর জিয়া সড়কে নিজ বাড়ির সামনে সন্ত্রাসী ট্যারা শাহজাহানকে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজালাল বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজ আহম্মদ চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেন, শাহজাহান গাজী ওরফে ট্যারা শাহজাহান গণরোষে নিহত হয়েছেন। মেয়র সরোয়ার চলতি বছরের ২৮ মে ঢাকায় গ্রেপ্তার হন। এরপর শাহজাহানের স্ত্রী শাহনাজ পারভীন রেনু চলতি বছরের ৫ জুন মঙ্গলবার কোতয়ালি থানায় মেয়র এবং কমিশনার আতিকুর রহমানসহ ২১ জনকে আসামি করে নতুন একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মীর কাসেম পিপিএম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে জানান, এ মামলায় এখন পর্যন্ত মেয়র এবং এক ওয়ার্ড কমিশনারসহ ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মীর কাশেম বলেন, "আবদুল খালেক, সোবাহান হাওলাদার এবং কালু হাওলাদার নামে তিন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকান্ডের সাথে মেয়রের সম্পৃক্ততার কথা জানিয়েছেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৫ ঘ.