২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র বিক্ষোভ: চবি ও জাবিতে প্রায় ৩ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় প্রায় তিন হাজার জনকে আসামি করে চারটি মামলা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় দায়ের করা হয়েছে তিনটি মামলা। তিন মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয়ের ১৪০০ ছাত্রকে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ১৫০০ জনকে আসামি করে হাটহাজারী থানায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 10:08 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় প্রায় তিন হাজার জনকে আসামি করে চারটি মামলা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় দায়ের করা হয়েছে তিনটি মামলা। তিন মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয়ের ১৪০০ ছাত্রকে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ১৫০০ জনকে আসামি করে হাটহাজারী থানায় একটি মামলা হয়েছে। আমাদের সাভার প্রতিনিধি জানান, বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ, গাড়ি পোড়ানোর অভিযোগে ১৪০০ জনকে আসামি করে সাভার থানায় দুটি ও আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় সাভার থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলা দুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ছাত্র-ছাত্রীকে আসামি করা হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর মোর্শেদ জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় ৪০০ ছাত্র-ছাত্রীকে আসামি করে একটি মামলা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলে তল্লাশি চালিয়ে দুই বহিরাগতকে রোববার গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার উপপরিদর্শক মুখলেছুর রহমান জানান, রায়হানুল কবীর (২৩) ও মো. পলাশ (২৫) নামে ওই দুই জন হলে বসে গাঁজা সেবন করছিলো। দুজনেই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। ওই দুজনকেই আশুলিয়া থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে মঞ্জুর মোর্শেদ জানান। অপরদিকে জাবিতে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটনায় বেশ কয়েকজন শিক্ষক উস্কানি দিয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে। তাদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। তবে গোয়েন্দা সংস্থার ওই কর্মকর্তা শিক্ষকদের নাম প্রকাশ করতে রাজি হননি। চট্টগ্রাম থেকে আমাদের প্রতিবেদক জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় ১৫০০ শিক্ষার্থী ও বহিরাগতের বিরুদ্ধে রোববার সকালে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের হয়েছে। হাটহাজারী থানার উপ-পরিদর্শক মো. আনিসুর রহমান বাদী হয়ে সকাল সাড়ে ১১টায় এ মামলা দায়ের করেন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের ওপর আক্রমণ, সরকারি কাজে বাধা দেওয়া, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি জানান, এ ঘটনা তদন্তের জন্য থানার উপ-পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে গত বুধবার চবিতে ব্যাপক ছাত্র বিক্ষোভ, ভাংচুর ও পুলিশের সাথে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ প্রায় ৩০ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কলা, সমাজ বিজ্ঞান, বাণিজ্য ও বিজ্ঞান অনুষদ, আইটি ভবন, চাকসু ও রেল স্টেশনে অবস্থিত পুলিশ ফাঁড়ি ভাংচুর করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/আরএ/এমআই/১৬০৫ ঘ.