মারুফ মল্লিক
প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- গত বছর ফুলবাড়ী আন্দোলনে জনসাধারণের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তির প্রথম শর্ত উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন না করার আশ্বাস এখনোও পূরণ হয়নি।
ওই আন্দোলনে নেতৃত্বদানকারী একজন নেতা শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেছেন।
তেল -- গ্যাস -- বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, " চুক্তির প্রথম শর্তটি নিয়ে সরকারের সুস্পষ্ট কোনও অবস্থানও নেই। এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার করা এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি হবে না এটা নিশ্চিত করা ছিল চুক্তির প্রথম শর্ত। কিন্তু এ শর্তটিই এখনো বাস্তবায়িত হয়নি। আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছি। তবে সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোন সাড়া পাইনি।"
২৬ আগস্ট, রোববার ফুলবাড়ি দিবস। গত বছর এইদিনে দিনাজপুরের ফুলবাড়ি কয়লা খনির বিরুদ্ধে সেখানে হাজার হাজার মানুষ আন্দোলনে নামে।
তাদের দাবি ছিলো, ফুলবাড়ি কয়লা খনির নামে এলাকাবাসীকে জমি - জমা ও বসতবাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না। এক পর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ জনতার ওপর গুলি বর্ষণ করলে অন্তত তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো অনেকে।
সরকারের পক্ষ থেকে আন্দোলনরত শত শত মানুষের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা দায়ের করা হয়। ফুলবাড়ি হত্যাকাণ্ডের বিরুদ্ধে সেখানের সাধারণ মানুষ ঢাকা -- দিনাজপুর মহাসড়ক ও রেললাইন বন্ধ করে দিয়ে গড়ে তোলে সংঘবদ্ধ অবরোধ।
অবশেষে ৩০ আগাস্ট আন্দোলনরত তেল - গ্যাস - বিদ্যূত ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সঙ্গে সরকারের পক্ষে রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুর সঙ্গে স্বাক্ষরিত হয় একটি চুক্তি। এর মূল কথা হচ্ছে, ফুলবাড়ি থেকে এশিয়া এনার্জিকে প্রত্যাহার করা হবে। বন্ধ করা হবে সেখানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি খনন।
এ আন্দোলনের নেতৃত্বে ছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, " ফুলবাড়ী হত্যাকাণ্ডে জাড়িতদের শনাক্ত করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ৫/৬ মাস আগে এ কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়। কিন্তু এখনও আমরা জানি না এর ফলাফল। এশিয়া এনার্র্জির দালালদের চিহ্নিত করার জন্য একটিা ধারা ছিল। সেটিরও কোন বাস্তবায়ন নেই।"
কয়লা নীতি করা হচ্ছে। এতে একটি ধারায় বলা হয়েছে কয়লা রপ্তানী হবে না। কিন্তু উন্মুক্ত পদ্ধতি না করা এবং জনগণের খনিজ সম্পদের ওপর ১০০ ভাগ মালিকানা বিষয়ে নির্দিষ্ট বক্তব্য দেওয়া হয়নি বলে তিনি জানান।
তিনি বলেন, " চারটি বিষয়ের উপর আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। ১. জনগনের সম্পদ হিসাবে কয়লা খনিতে জনগণের ১০০ ভাগ মালিকানা নিশ্চিত করা। ২. যেহেতু এ সম্পদ অনবায়নযোগ্য এবং সীমিত তাই সম্পূর্ণভাবে রপ্তানী বাদ দিয়ে দেশের প্রয়োজনে সৎব্যবহার করতে হবে। ৩. মাটির নীচের সম্পদ যেমন গুরুত্বপূর্ণ তেমনি মাটির উপরের সম্পদও গুরুত্বপূর্ণ। তাই উন্মুক্ত পদ্ধতি বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য না। ৪. খনিজ সম্পদ আহরণ ও উত্তোলনের জন্য দেশীয় যোগ্যতা ও দক্ষতা গড়ে তুলতে হবে। কোল বাংলার মতো প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।"
তিনি জানান, যে মামলাগুলো দায়ের করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। তবে ইদানিং হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। কয়েকদিন আগে ফুলবাড়ীতে সংগঠনের পাঁচজন সদস্যের বিরুদ্ধে সাধারণ ডায়েরি ও বিনা কারণে সতর্ক করেছে থানা।
তিনি বলেন, " এ চুক্তি দুর্নীতির চুক্তি। গত সরকারে আমলে যত বড় বড় দুর্নীতি হয়েছে তার মধ্যে এটি একটি। এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। লুন্ঠনের বিরুদ্ধে লড়াই। আমরা খনিজ সম্পদ নিয়ে দেশী--বিদেশী চক্রের বিরুদ্ধে লড়াই করছি। সরকার বলছে তারাও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। সরকারের উচিত আন্দোলনকে সহায়তা করা। কারণ জনগণের সমর্থন নিয়েই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে।"
অধ্যাপক আনু মুহাম্মদ জানান, নিহতদের ক্ষতিপুরণের পূর্নবাস্তবায়ন হয়েছে। এছাড়া নিহতদের স্মরণে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণের জন্য সরকার ৪ লাখ টাকা বরাদ্দ দিলেও এখনও কাজ শুরু হয়নি।
দুর্নীতি ও লুন্ঠন বিরোধী আন্দোলনের প্রতীক হিসাবে ফুলবাড়ি দিবস জাতীয়ভাবে পালনেরও দাবি করেন অধ্যাপক আনু মুহাম্মদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএনএ/১৯৩০ ঘ.
bdnews24