২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার অধীনস্থ দপ্তরগুলো যথারীতি খোলা

শনিবার সরকারি ছুটি থাকলেও আগের ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহম্মেদের নিয়ন্ত্রণাধীন মন্ত্রণালয়গুলো খোলা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 06:21 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শনিবার সরকারি ছুটি থাকলেও আগের ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহম্মেদের নিয়ন্ত্রণাধীন মন্ত্রণালয়গুলো খোলা রয়েছে। যেসব মন্ত্রণালয় ও বিভাগ শনিবার খোলা রয়েছে তা হলো- প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনের কাজকর্মের গতি বাড়াতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহম্মেদের নিয়ন্ত্রণাধীন মন্ত্রণালয় ও বিভাগগুলো শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার সকালে স্বাভাবিক কর্মদিবসের সময়ের মধ্যেই ওইসব মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি ছিল। কাজকমর্ও হচ্ছে স্বাভাবিক দিনের মতোই। এর আগে বুধবার রাতে সান্ধ্য আইন জারির পর বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে সান্ধ্য আইনের আওতাভুক্ত এলাকায় সরকারি অফিসে একদিনের ছুটি ঘোষণা করা হয়। আগে থেকে কিছু বলা হয়নি বলে ওইদিন সকালে সচিবালয়সহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিদেরকে অফিসে এসে ফিরে যেতে হয়। সান্ধ্য আইন শিথিল থাকায় শনিবার ওইসব সরকারি অফিস আগের ধারাবাহিকতায় খোলা রাখা হয়েছে বলে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেনুর মিয়া জানান, সান্ধ্য আইন শিথিল থাকায় প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণাধীন সরকারি অফিসগুলো খোলা রাখা হয়েছে। সান্ধ্য আইন শিথিল না করা হলে যা সম্ভব হতো না। তবে সান্ধ্য আইন জারির পর থেকে পরিস্থিতির বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ২৪ ঘন্টা খোলা রাখা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১২১৮ঘ.