গাজীপুর, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পূবাইল আদর্শ কলেজের এক ছাত্রীকে গাড়ি থেকে ফেলে দেওয়ার জের ধরে বুধবার ছাত্র-শ্রমিক সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন।
ওই সময় বিক্ষুব্ধ ছাত্ররা একটি বাস ও দুইটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। ভাংচুর করে ২০/২৫টি গাড়ি। আর শ্রমিকরা কলেজে হামলা চালিয়ে বেশ কয়েকটি কক্ষ ভাংচুর করে। সংঘর্ষ চলাকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কে পাঁচ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে পুবাইল আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুস্মিতা দাশ (১৮) কালীগঞ্জ থেকে একটি লেগুনায় চড়ে কলেজে যাচ্ছিলেন। তিনি কলেজ গেটে নামতে চাইলে লেগুনার চালক তাকে সেখানে না নামিয়ে চালাতে থাকে। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লেগুনার কন্ডাকটর চলন্ত গাড়ি থেকে সুস্মিতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি মাথা, হাত-পা ও বুকে গুরুতর আঘাত পান।
খবর পেয়ে কলেজের শিক্ষার্থীরা কালীগঞ্জ-টঙ্গী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় ছাত্ররা ১০/১২ টি গাড়ি ভাংচুর ও কয়েকজন শ্রমিককে মারধর করে। তখন জয়দেবপুর ও টঙ্গী থানা পুলিশ এসে ছাত্রদের ক্যাম্পাসে ফিরিয়ে নেয়।
কলেজ শিক্ষার্থীরা জানান, তারা ক্যাম্পাসে ফিরে আসার কিছু সময় পর কয়েকটি বাস ও মোটর সাইকেলে ৪০/৫০ জন পরিবহন নেতা ও শ্রমিক লাঠিসোঁটা, হকিস্টিক ও কিরিচ নিয়ে পূবাইল আদর্শ কলেজে এসে ৩/৪টি শ্রেণিকক্ষ ও অফিস ভাংচুর করে। শ্রমিকদের হামলায় আহত হয় ২৫ জন ছাত্রছাত্রী।
পরে ছাত্ররা সংগঠিত হয়ে পাল্টা হামলা চালালে ১৫ জন শ্রমিক আহত হন। ছাত্ররা চলনবিল পরিবহনের একটি গাড়ি এবং দুইটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আরও কয়েকটি গাড়িও ভাংচুর হয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল্লাহ মামুন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ-দৌলাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি শান্ত করেন। পরে দুপুর ২টার দিকে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্রী সুস্মিতাকে অ্যাপোলো হাসপাতালে এবং পরিবহন নেতা আনোয়ার হোসেন (৪০), হাবিবুর রহমান হাবু (৩৮) ও আনিসুর রহমানকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কাইয়ুম মাস্টার (৩৫) নামে এক শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি মিজানুর।
তিনি বলেন, "পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক তার কার্যালয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করবেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.
bdnews24