২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তাল ক্যাম্পাস থেকে সেনাক্যাম্প প্রত্যাহার চলছে

তুমুল ছাত্র বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার শুরু হয়েছে। মঙ্গলবার রাত ১০ টা ৪০ মিনিটে লরি, জিপসহ মোট ১০টি গাড়িতে করে সেনা সদস্যরা প্রথম দফায় মালামাল নিয়ে ক্যাম্পাস ছেড়ে যায়। এরপর রাত সোয়া একটার দিকে ক্যাম্প ছাড়ে আরও ১৩টি গাড়ি। খেলার মাঠে এক শিক্ষার্থীকে সেনা সদস্যদের মারধরের ঘটনার জের ধরে মঙ্গলবারও ছাত্র-পুলিশ তুমুল সংঘর্ষ শুরু হয়। এ পরিস্থিতিতে সরকার রাত ৮টা থেকে ক্যাম্পাসের সেনাক্যাম্প প্রত্যাহার শুরুর সিদ্ধান্ত নেয়। ঘটনার বিচারবিভাগীয় তদন্তেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।(আরো তথ্যসহ- ৭)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 05:08 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তুমুল ছাত্র বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার শুরু হয়েছে। মঙ্গলবার রাত ১০ টা ৪০ মিনিটে লরি, জিপসহ মোট ১০টি গাড়িতে করে সেনা সদস্যরা প্রথম দফায় মালামাল নিয়ে ক্যাম্পাস ছেড়ে যায়। এরপর রাত সোয়া একটার দিকে ক্যাম্প ছাড়ে আরও ১৩টি গাড়ি। খেলার মাঠে এক শিক্ষার্থীকে সেনা সদস্যদের মারধরের ঘটনার জের ধরে মঙ্গলবারও ছাত্র-পুলিশ তুমুল সংঘর্ষ শুরু হয়। এ পরিস্থিতিতে সরকার রাত ৮টা থেকে ক্যাম্পাসের সেনাক্যাম্প প্রত্যাহার শুরুর সিদ্ধান্ত নেয়। ঘটনার বিচারবিভাগীয় তদন্তেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার সাংবাদিকদের জানান, "মঙ্গলবার রাত ৮টা থেকে সেনাবাহিনীর ক্যাম্প সরিয়ে নেওয়া শুরু হবে এবং বুধবার সন্ধ্যার ভেতর তা শেষ হবে।" বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ঘটনায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিচার দাবির পাশাপাশি সেনাপ্রধান মইন উ আহমেদকে ক্ষমা চাইতে বলেছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা দোষীদের বিচার চেয়ে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে বিভিন্ন শিক্ষাঙ্গনে। ঢাকা কলেজ, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার পুলিশের সঙ্গে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাজধানীর শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজের শিক্ষার্থীরা সন্ধ্যায় মিছিল-সমাবেশ ও গাড়ি ভাংচুর করেছে। জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবিরাম ছাত্রধর্মঘটের ডাক দিয়েছে কয়েকটি ছাত্রসংগঠন। বুধবার ছাত্রধর্মঘট ডাকা হয়েছে রাজশাহী ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়েও। ঢাবি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা থেকে পরিস্থিতি জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌস, আবু নোমান সজীব, গোলাম মর্তুজা অন্তু, মাহবুব আলম রনী (আরো তথ্যসহ- ৭) আগের দিন ছোড়া কাঁদানে গ্যাসের ঝাঁঝাঁলো গন্ধ ঢাবি ক্যাম্পাসের বাতাস থেকে মিলিয়ে না যেতেই মঙ্গলবার সকালেই আবার শুরু ছাত্র-পুলিশ লড়াই। ফুটতে থাকে অসংখ্য কাঁদানে গ্যাসের সেল। খণ্ড খণ্ড মিছিল ও বিক্ষোভ চলতে থাকে ক্যাম্পাস ও আশপাশের এলাকায়। সব মিলিয়ে মঙ্গলবার আহতদের সংখ্যা শত ছাড়িয়ে গেছে। ১০ পুলিশসহ কয়েকজন সাংবাদিকও রক্তাক্ত হয়ে হাসপাতালে গেছেন। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও সন্ধ্যায় আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সন্ধ্যা সাতটার দিক থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীদের পিছু হটাতে নীলক্ষেত এলাকায় অবস্থান নেওয়া পুুলিশ সদস্যরা বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা এফ রহমান হলের প্রধান ফটক অতিক্রম করে হলের ভেতরে কাঁদানে গ্যাস ছুড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। রাত ১২ টার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা চাঁনখারপুল মোড়ে একটি পেট্রোল পাম্পে ভাঙচুর করে। এ সময় তারা পুলিশের একটি পানিবাহী গাড়িতেও আগুন দেয়। একই পলাশী ও নীলক্ষেত মোড়ে বিক্ষোভ শুরু হয়। পলাশী মোড়ে বুয়েটের ছাত্ররা বিক্ষোভ মিছিল করে রাস্তার ওপর আগুন জ্বেলে অবরোধ তৈরি করে। নীলক্ষেত মোড়ে পুলিশ দফায় দফায় কাঁদানে গ্যাস ছোড়ে। এর আগে সাধারণ শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৪টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টার মধ্যে সেনা ও পুলিশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে। পাঁচ দফার প্রথমেই বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে সংঘর্ষে জড়িত সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সেনাপ্রধান মইন উ আহমেদকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সহকারী প্রক্টর সিদ্দিকুর রহমান জানিয়েছেন, আগামী ২৮ তারিখ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব হল ও ঢাকার বিভিন্ন এলাকা আসা শিক্ষার্থীরা ক্যাম্পাসের জড়ো হতে থাকে অপরাজেয় বাংলার পাদদেশে। বেলা পৌনে ১১টার দিকে লাঠি, বাঁশ, গাছের ডাল, প্ল্যাকার্ড হাতে মিছিল করে এগিয়ে যায় টিএসসির দিকে। মিছিলে সেনা প্রধান মইন উ আহমেদ ও আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের কুশপত্তলিকা দেখা গেছে। এ সময় পুরো ক্যাম্পাসে বেশ কয়েকটি মিছিল করে ছাত্ররা। ছাত্রী হলের শিক্ষার্থীরাও আলাদা মিছিল বের করে। ছাত্ররা মিছিল নিয়ে টিএসসির দিকে এগোতে থাকলে রোকেয়া হলের সামনে পুলিশ ২০ রাউন্ডের মতো কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। সোয়া এগারটায় এফ রহমান হলের কাছে নীলক্ষেতে শিক্ষার্থীরা গাড়ি ভাংচুর করলে পুলিশ জলকামান ব্যবহার ও ১০ রাউন্ডের মতো কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পাঁচটি গাড়ি ভাংচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এফ রহমান হলের ছাত্র শোয়েব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ তাদের হলের ইংরেজি বিভাগের রনী ও কাজী কৌশিকসহ সাতজন শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে। এখানে চ্যানেল আই এর একটি ক্যামেরা ভাংচুর করে ছাত্ররা। সাড়ে এগারটায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের গেটে ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে তারা কয়েকটি পরিত্যক্ত গাড়ি এনে ফটক ভাঙার চেষ্টা করে। প্রায় একই সময়ে জগন্নাথ হল, একুশে হল, শহীদুল্লাহ হল, ফজলুল হক হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের নিচে জড়ো হয়। শিক্ষার্থীরা সেখানে সেনাপ্রধান মইন উ আহমেদের কুশপত্তলিকা দাহ করে। এ সময় পুলিশ বাধা দেয়নি। ১২ টা ২৫ মিনিটে রাজু ভাস্কর্যে কালো কাপড় বেঁধে দেয় শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১২ টার দিকে টিএসটি থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি দল শাহবাগ মোড়ে এসে ৫০টিরও বেশি গাড়ি ভাংচুর করে। তারা আজিজ সুপার মার্কেটের কাছে সেনাবাহিনীর একটি গাড়িতে (স্টেশন ওয়াগন ৪০০-০১৪২৬৭) আগুন ধরিয়ে দেয়। শিক্ষার্থীদের হামলায় গাড়িতে থাকা একজন সেনাসদস্যের মাথা ফেটে গেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক মাহবুব আলম রনী। শাহবাগ মোড়ে গাড়ি ভাংচুরের সময় পুলিশ এক ছাত্রকে ধরে শাহবাগ ফাঁড়িতে নিয়ে যায়। ছাত্ররা এ সময় সিএসবি চ্যানেলের গাড়ির পেছনের গ্লাস ভাংচুর করে। এ ঘটনার পর পুলিশ শাহবাগ থেকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ৫০ রাউন্ডের মতো ফাঁকা গুলি ছোড়ে। চারুকলার সামনে পথচারী প্লানার্স টাওয়ার্সের নিরাপত্তা কর্মকর্তা বাশারকে এ সময় আট জন পুলিশ ঘিরে ধরে লাঠি ও বুট দিয়ে বেধরক মারপিট করে। তিনি ডিএমসিএইচ থেকে চিকিৎসা নিয়ে ফেরার প্রেসক্রিপসন দেখিয়েও হামলা থেকে রক্ষা পাননি। পুলিশের ধাওয়ার মুখে শিক্ষার্থীরা শাহবাগ এলাকা ছেড়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ফটকের সামনে এসে জড়ো হয়। কিন্তু সেখানেও পুলিশ প্রায় ২৫ রাউন্ড টিয়ারশেল ও ১০ থেকে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর টিএসসি ও ক্যাম্পাসের ভেতর থেকে সংগঠিত হয়ে এসে শিক্ষার্থীরা মসজিদ গেটে আবার অবস্থান নিয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এ পর্যায়ে পুলিশ পিছু হটে শাহবাগ থানার দিকে চলে যায়। কিছু সংবাদকর্মী পিছু হটা পুলিশের ছবি তোলার চেষ্টা করলে পুলিশ তাদের দিকে তেড়ে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুর পৌনে একটার দিকে ছাত্রীরা টিএসসিতে আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের কুশপত্তলিকা দাহ করে। দুুপুর একটার দিকে বুয়েটের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদ জানিয়ে বুয়েট শহীদ মিনার থেকে ক্যাম্পাস পর্যন্ত একটি মানববন্ধন করে। এতে প্রায় দুশ' শিক্ষার্থী অংশ নেয়। এর প্রায় এক ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ নীলক্ষেত দিয়ে মিরপুর সড়ক ও ঢাকা কলেজের সামনের সড়কে গাড়ি ভাংচুর করে। পুরো এলাকা এ সময় রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ছাত্রদের হটাতে ব্যাপক লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছোড়া শুরু করে। ছাত্ররাও ইট-পাটকেল ছুড়ে পাল্টা জবাব দেয়। এ এলাকায় অবস্থানকারীরা মূলত ছিল ঢাকা কলেজের ছাত্র। এখানে দেড়শ'র মতো গাড়ি ভাংচুর হয়। পরে ছাত্ররা এলিফ্যান্ট রোডেও মিছিল করে। ফলে নিউ মার্কেট, গাওসিয়া, এলিফ্যান্ট রোডের সকল বিপনী বিতান বন্ধ হয়ে যায়। ছাত্রদের গাড়ি ভাঙচুরে পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যার দিকে এফ রহমান হলের সামনে একদল পুলিশকে লক্ষ করে শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুড়লে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ হলের প্রধান ফটক অতিক্রম করে হলের ভেতর ঢুকে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। এর আগে বিকেলে শহীদুল্লাহ হলের সামনে বিআরটিসির একটি বাস পুড়িয়ে দেয় শিক্ষার্থীরা। রাত পৌনে নয়টার দিকে কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন্নেসা মুজিব হল ও সমাজ কল্যাণ ইনস্টিটিউটেও পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে বলে জানিয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস। শিক্ষার্থীরা রাত নয়টার দিকে নিউমার্কেটের ট্রাফিক সিগনাল ভেঙে আগুন জ্বালিয়ে দেয়। গার্হস্থ্য অর্থনীতি কলেজের সামনের রাস্তায় রাত নয়টার দিকে আগুন জ্বলতে দেখেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মোর্তজা অন্তু। সাড়ে নয়টার দিকে জহুরুল হক হল থেকে ছাত্ররা উপাচার্যের বাড়ির সামনে অবস্থানরত পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ অনবরত কাঁদানে গ্যাস ছুড়ে এর জবাব দেয়। এ সময় টিএসসির সামনে রাখা পুলিশের পানির একটি গাড়ি জ্বালিয়ে দেয় শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিকেলে জরুরি সাধারণ সভা করে বুধবার বেলা ১২ টার মধ্যে সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবি জানিয়েছে। একইসঙ্গে সমিতি দেশে জরুরি অবস্থা প্রত্যাহারেরও দাবি করে। সমিতির সদস্য অধ্যাপক আখতারুজ্জামান বৈঠক শেষে বলেন, তারা ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। এর আগে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভা থেকে ঘটনার নিন্দা জানানো হয়। প্রভোস্ট কমিটি এক সভাও সেনাবাহিনী ও পুলিশের 'বাড়াবাড়ির' নিন্দা জানিয়েছে। কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বিশেষ করে সোমবার রাতে হলে পুলিশি অ্যাকশনের সমালোচনা করেন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় মাঠে আন্তঃবিভাগ ফুটবল খেলা চলার সময় এক সেনাসদস্য লোকপ্রশাসনের এক ছাত্রকে মারধর করায় শিক্ষার্থীদের ক্ষোভের সূত্রপাত হয়। ওই ঘটনার পর সেনাসদস্যদের মারধর ও পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ে শতাধিক ছাত্র। ঢাবিতে সোমবার ঘটনার প্রতিবাদে জাবি শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে অবিরাম ধর্মঘটের ডাক দিয়েছে। এছাড়া বুধবার ছাত্র ধর্মঘট ডেকেছে নির্যাতনবিরোধী ছাত্র-ছাত্রীরা। দেশে জরুরি অবস্থা জারির পর জাবি ক্যাম্পাসে বসানো অস্থায়ী পুলিশ ক্যাম্পটিও প্রত্যাহার করার দাবি জানিয়েছে তারা। মঙ্গলবার সকাল থেকেই প্রতিবাদমুখর শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকে। সাড়ে ১০টা দিকে শুরু হয় মিছিল। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে কয়েকটি যানবাহনে হামলা চালায়। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাধে। পুলিশের লাঠিপেটায় ৫ জন ছাত্র আহত হন। সংঘর্ষের সময় প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ থাকে। ছাত্ররা পুলিশের একটি পিকআপ ভ্যানেও হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। জাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিন্দাজনক।'' তিনি ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের লাঠিপেটায় তাপস, সাইদুল ও শরিফ নামের তিন ছাত্র আহত হন। বিক্ষুব্ধ ছাত্ররা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। তারা বিশ্ববিদ্যালয়ের ২টি বাসও ভাংচুর করে। দুপুরের পর থেকে ঢাকা কলেজেও বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বেধে যায়। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বেলা চারটার দিকে পিছু হটে পুলিশ। এসময় নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাবরটারির মোড় পর্যন্ত এলাকা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের রায়ট কার থেকে টিয়ার গ্যাস ছোড়া শুরু হলে বিক্ষোভকারীরা বিভিন্ন গলিতে ঢুকে পড়ে। সেখান থেকেই পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়তে থাকে তারা। নিউমাকের্ট থেকে সায়েন্স ল্যাবরটরি পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হওয়ায় দুপুরের পর থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছিল। ফলে অফিস শেষে বাড়ি ফেরার পথে ভোগান্তিতে পড়েন কয়েক হাজার মানুষ। পুলিশের টিয়ার শেল ও বিক্ষোভকারীদের ইটের আঘাত থেকে বাঁচতে বিভিন্ন গলিতে আশ্রয় নিতে দেখা গেছে তাদের অনেককেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/এএনএস/জিএমএ/এআরআর/পিসি/এসএনডি/এমএইচবি/০১৩০ ঘ.