ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জরুরি ক্ষমতা বিধিমালার জামিন ও সম্পত্তি জব্দ সংক্রান্ত বিধানসহ কয়েকটি বিধি কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমানের হাইকোর্ট বেঞ্চ নাটোরের জনৈক আব্দুল কুদ্দুস মন্ডলের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন।
আব্দুল কুদ্দুস মন্ডলের বিরুদ্ধে দায়ের করা একটি চাঁদাবাজির মামলার কার্যক্রমও হাইকোর্ট স্থগিত করেছে।
তার এই চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতা আইনে অর্ন্তভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবেনা স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ৮ সপ্তাহের মধ্যে তারও কারণ দর্শাতে বলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৪৩২ ঘ.
bdnews24