২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলভরা চোখে মা খোঁজেন বাবুলকে

সমাবেশে যেতে হবে, তাই হুড়োহুড়িতে দুপুরের ভাত খাওয়ার সময় পাননি বাবুল। সত্তরোর্ধ্ব মা সেই স্মৃতি মনে করে এখনো চোখের পানিতে খুঁজে বেড়ান সন্তানকে। তার পেছনের দেওয়ালে টাঙানো পুঁতির সূঁচিকর্মে খোদাই করা আছে "মা নাই ঘরে যার, সংসার অরণ্য তার"। চোখ মুছে মা আনোয়ারা বেগম জানান, সূচিকর্মটি বাবুলের করা, খুব ভালোবাসতো মাকে। সেই ছেলেই তাকে 'অরণ্যে' ফেলে রেখে পাড়ি জমিয়েছে পরপারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 01:23 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সমাবেশে যেতে হবে, তাই হুড়োহুড়িতে দুপুরের ভাত খাওয়ার সময় পাননি বাবুল। সত্তরোর্ধ্ব মা সেই স্মৃতি মনে করে এখনো চোখের পানিতে খুঁজে বেড়ান সন্তানকে। তার পেছনের দেওয়ালে টাঙানো পুঁতির সূঁচিকর্মে খোদাই করা আছে "মা নাই ঘরে যার, সংসার অরণ্য তার"। চোখ মুছে মা আনোয়ারা বেগম জানান, সূচিকর্মটি বাবুলের করা, খুব ভালোবাসতো মাকে। সেই ছেলেই তাকে 'অরণ্যে' ফেলে রেখে পাড়ি জমিয়েছে পরপারে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহত ২১ জনের মধ্যে আবুল কালাম আজাদ বাবুল একজন। হামলায় আহত হওয়ার পর ২১ দিন সংজ্ঞাহীন থেকে ১০ সেপ্টেম্বর মারা যান তিনি। মিরপুর থানা যুবলীগ কর্মী বাবুলের স্ত্রী মাকসুদা আজাদ ও দুই নাতি-নাতনীকে নিয়ে বৃদ্ধা মায়ের সংসার এখন চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ছেলে হারানোর কষ্ট ছাপিয়ে এই দুর্মূল্যের বাজারে সংসার চালানোর বাস্তবতা তাকে তাড়া করে ফিরছে। বাবুলের বড় মেয়ে মাহফুজা আজাদ সামিরার বয়স ১০ আর ছেলে আল আমিন সবে চার বছরে পড়েছে। তাদের ভবিষ্যত কী হবে- ভাবলেই অন্ধকার দেখেন আনোয়ারা বেগম। রোববার সকালে বালুরঘাটের বারনটেকে বাবুলের বাসায় গিয়ে পাওয়া গেল আনোয়ারা বেগমকে। কেমন চলছে- জিজ্ঞেস করতেই হাত নাড়িয়ে বললেন, "আল্লায় চালাইতেছে। আমার তো যাওনের টাইম হইয়া গ্যাছে। এই বয়েসে আইসা পোলার লাশ দ্যাখতে হইলো। এহন হ্যার অবুঝ পোলা-মাইয়া দুইডারে রাইখা মরলেও শান্তি পামু না।" বাবুলের স্ত্রী মাকসুদা আজাদ বললেন, "একটা টিউশনি কইরা কোনও রকমে চলতাছি। আগে বঙ্গবন্ধু ফাউন্ডেশন থেকে সামিরার লেখাপড়ার জন্য মাসে এক হাজার ট্যাকা দিতো। গত জুন থেইকা তাও বন্ধ। পার্টির ন্যাতা রহমতউল্লাহ মাসে তিন হাজার কইরা দিছিল। এহন সবই বন্ধ।" তিনি বললেন, "২১ আগস্ট বোমা ফুডার পর বিকাল ৫টার দিকে আমরা খবর পাই। ৮টার দিকে ঢাকা মেডিক্যালে গিয়া আর খুইজ্জা পাইতাছিলাম না। তার পুরা শরীর ব্যান্ডিজ দিয়া মুড়াইয়া দিছিল। ওই সময় তার গলায় ঝোলা মুবাইলের তার (হেডফোন) দেইখ্যা এক বন্ধু হ্যারে চিনছে। পরে আমরা তারে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়া আসছিলাম। ২১ দিন বাইচ্যা আছিল। একটা কথাও কইতে পারে নাই।" ২১ আগস্টের হামলায় বালুঘাটের বাইগারটেক এলাকার যুবলীগ নেত্রী হাসিনা মমতাজও নিহত হন। ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন তিনি। মমতাজের কথা উঠতেই কেঁদে ফেলেন তার শাশুড়ি স্বরুপজান। বললেন, "শ্যাকে (বঙ্গবন্ধু) মরছে, হের বিচার হইলো না, আমার বউরডা হইবো বইলাও আশা করি না। আমি আল্লাহর কাছে বিচার দিছি। বিনা দুষে যারা এতোগুলান মানুষ মারলো তাগের যেন বিচার হয়।" মমতাজের স্বামী বসির আহমেদ বললেন, "আর কী বলবো ভাই, কার কাছে বিচার চাবো। আমার নেত্রী মুক্ত হোক। একদিন না একদিন তিনি এর বিচার করবেন। আর উপরে আল্লাহ তো আছেনই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এমএইচবি/১৮৫৫ ঘ.