চট্টগ্রাম, ১৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বহদ্দারহাট এলাকা থেকে জাকির ওরফে বোমা জাকির নামের এক সন্ত্রাসীকে রোববার রাতে একটি কাটা রাইফেলসহ গ্রেপ্তার করেছে র্যাব। অস্ত্র বিক্রির সময় হাতেনাতে তাকে ধরা হয় বলে র্যাব দাবি করেছে।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর আনিসুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাবের একটি দল রোববার রাত ৮টার দিকে বহদ্দারহাট এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার 'জনপ্রিয়' রেস্টুরেন্ট থেকে একটি কাটা রাইফেলসহ জাকিরকে গ্রেপ্তার করা হয়।
আনিসুজ্জামান বলেন, "অস্ত্র বিক্রির সময় র্যাব সদস্যরা তাকে ধরে ফেলে। সে বাকলিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে।"
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির স্বীকার করেছে তার কাছে আরও অস্ত্র আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফএইচবি/জেকে/২৩১২ ঘ.
bdnews24