বরিশাল, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হিজলা উপজেলার ভাষানচরে আটকে পড়া ঢাকাগামী এমভি কালাম খান-১ লঞ্চে রোববার দুপুরে ব্যাপক ভাংচুর চালিয়েছে যাত্রীরা।
যাত্রীদের হামলায় লঞ্চের মাস্টারের রুমসহ চারটি কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। তারা জানায়, যাত্রীদের হামলায় লঞ্চের মাস্টার ফারুক আহমেদসহ আট জন কর্মচারী আহত হয়েছেন।
ফারুক আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, প্রায় ৬০০ যাত্রী নিয়ে লঞ্চটি শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকার উদ্দেশে বরিশাল নৌ-বন্দর ছাড়ে। রাত সাড়ে ১১ টার দিকে কালাবাদর চ্যানেল অতিক্রমকালে লঞ্চটি চরে আটকা পড়ে।
তিনি বলেন, "সকাল সাড়ে ১০ টার দিকে জোয়ার এলে লঞ্চটি মুক্ত হয়। ওই সময় কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চটি পুনরায় বরিশালের উদ্দেশে রওনা হলে যাত্রীরা অসম্মতি জানায়। এক পর্যায়ে বিক্ষুব্ধ যাত্রীরা লঞ্চে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও কর্মচারীদের মারধর করে।"
পরে যাত্রীদের চাপের মুখে দুপুরের দিকে কালাবাদর নদী থেকে লঞ্চটি ঢাকার উদ্দেশেই রওনা হয়েছে বলে জানান তিনি।
লঞ্চের পরিদর্শক আব্দুল খালেক জানান, যাত্রীদের হামলায় তাদের আট জন কর্মচারী আহত হয়েছেন। এছাড়া যাত্রীরা মাস্টার, পরিদর্শক এবং চারটি কেবিনের গ্লাস ও আসবাবপত্র ভাংচুর করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৮ ঘ.
bdnews24