চট্টগ্রাম, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের মোহনায় শুক্রবার মধ্যরাতে ফিরোজ ফারজানা-১ নামে একটি সিমেন্ট ক্লিংকারবাহী লাইটারেজ জাহাজ ডুবে গেছে।
সারারাত তল্লাশি চালিয়েও শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত জাহাজটি উদ্ধার করা যায়নি। তবে জাহাজটির সকল নাবিক নিরাপদে উপকূলে ফিরে আসতে পেরেছেন বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বন্দর রেডিও কন্ট্রোল কর্মকর্তা জহুর আহমেদ।
তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে জাহাজটি ডুবে যায়। হারবার মাস্টার জাফরুল্লাহ খান বন্দরের উদ্ধারকারী জাহাজ কাণ্ডারী-৯ ও কাণ্ডারী-১০ নিয়ে দুর্ঘটনা কবলিত জাহাজটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
বন্দর সূত্র জানায়, বহির্নোঙ্গরে এনার্জি ফেলকন জাহাজ থেকে ক্লিংকার নিয়ে বন্দরে ঢোকার মুখে জাহাজটি ডুবে যায়। আরামিট সিমেন্ট কোম্পানির প্রায় ৭০০ টন সিমেন্ট নিয়ে লাইটারেজ জাহাজটি বন্দরে আসছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এমআই/১২৩৩ ঘ.
bdnews24