নাটোর, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নাটোর বাইপাস সড়কের তেবাড়িয়া এলাকায় শুক্রবার একটি মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, বেলা পৌনে তিনটার দিকে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই আরোহী দুদু (৪২) ওয়াহিদ (৩০) রাব্বি (১২) লিপি (২০) ও অজ্ঞাত পরিচয় আরেকজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই দমকল কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় মাইক্রোবাসের বাকি ১০ আরোহীকে উদ্ধার করেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন। এর মধ্যে তাজুল ইসলাম, জালাল, মফিজুল, আকলিমা ও বাবুকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
আহত তাজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন তারা। যাত্রীদের সবাই তার আত্মীয় বলে জানান তিনি।
উপপরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, লাশগুলো উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/জেকে/১৯২১ ঘ.
bdnews24