২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রথম মহিলা কারাগার উদ্বোধন

দেশের প্রথম মহিলা কারাগারের উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। "রাখিব নিরাপদ দেখাব আলোর পথ" এই ঘোষণার মাধ্যমে গাজীপুরের কাশিমপুরে যাত্রা শুরু হয়েছে এ কারাগারের। এটি পরিচিত হবে কেন্দ্রীয় কারাগার-৩ হিসেবে। কারা মহা-পরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মো: জাকির হাসান এর উদ্বোধন করেন। আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এ মহিলা কারাগার। ৪ তলা এ কারাগারের ধারণ ক্ষমতা দু'শ। এর মধ্যে ১৬০ জন সাজাপ্রাপ্ত, ২০ জন শ্রেণী প্রাপ্ত, ১০ জন কয়েদি এবং ২ জন ফাঁসির আসামি রাখার ব্যবস্থা রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 11:01 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা,আগষ্ট ১৫(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দেশের প্রথম মহিলা কারাগারের উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। "রাখিব নিরাপদ দেখাব আলোর পথ" এই ঘোষণার মাধ্যমে গাজীপুরের কাশিমপুরে যাত্রা শুরু হয়েছে এ কারাগারের। এটি পরিচিত হবে কেন্দ্রীয় কারাগার-৩ হিসেবে। কারা মহা-পরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মো: জাকির হাসান এর উদ্বোধন করেন। আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এ মহিলা কারাগার। ৪ তলা এ কারাগারের ধারণ ক্ষমতা দু'শ। এর মধ্যে ১৬০ জন সাজাপ্রাপ্ত, ২০ জন শ্রেণী প্রাপ্ত, ১০ জন কয়েদি এবং ২ জন ফাঁসির আসামি রাখার ব্যবস্থা রাখা হয়েছে। এই কারাগারে বন্দিদের জন্য থাকছে মেডিকেল সেন্টার, স্কুল,পাঠাগার ,বিনোদন কেন্দ্র এবং বন্দিদের শিশু সন্তানদের জন্য থাকছে একটি দিবা পরিচর্যা কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে মো: জাকির হাসান বলেন, আমরা বন্দিদের নিরাপদে রাখার পাশাপাশি তাদের সংশোধন করার চেষ্টা করে যাচ্ছি। নতুন এই মহিলা কারাগার তারই একটি নির্দশন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী, গাজীপুরের জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমান,পুলিশ সুপার মো: আলমগীর আলম প্রমুখ। কারা মহা-পরিদর্শক উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এখানে সকল বন্দির জন্য নিটিং,এমব্রয়ডারি,মৃৎশিল্প,বিউটিশিয়ান কোর্সসহ নানা ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে যাতে দন্ডপ্রাপ্তরা বের হয়ে যাওয়ার পর কোনো একটি পেশা বেছে নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। কারা-মহা পরিদর্শক নব নির্মিত ভবন পরিদর্শন করেন এবং দু'টি নিম গাছের চারা রোপন করেন। তিনি নতুন কারাগারে আসা কয়েকজন কয়েদির সঙ্গে কথাও বলেন। সারাদেশে এতদিন ৬৬ টি কারাগার থাকলেও শুধু মহিলাদের জন্য কোনো কারাগার ছিল না। অন্য কারাগারগুলোতে মহিলা বন্দির ধারণ ক্ষমতা মাত্র এক হাজার তিন'শ হলেও গাদাগাদি করে সেখানে রয়েছে প্রায় তিন হাজার বন্দি। গাজীপুরের কাশিমপুরে এ নিয়ে মোট তিনটি কারাগার হলো। এই কারাগারগুলো কেন্দ্রীয় কারাগার-১, কেন্দ্রীয় কারাগার-২ এবং কেন্দ্রীয় কারাগার-৩ (নতুন মহিলা কারাগার) হিসাবে পরিচিত হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৬৪৩ ঘ.