২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোটা বনানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা

১৫ আগস্ট উপলক্ষ্যে বনানী গোরস্থানসহ পুরো বনানী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলেন। শুধুমাত্র গোরস্থানের আশেপাশেই প্রায় পাঁচশ' পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 06:26 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ১৫ আগস্ট উপলক্ষ্যে বনানী গোরস্থানসহ পুরো বনানী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলেন। শুধুমাত্র গোরস্থানের আশেপাশেই প্রায় পাঁচশ' পুলিশ সদস্য মোতায়েন করা হয়। গোরস্থানের সামনের সড়কের দুইপাশে ব্যারিকেড বসিয়ে আগতদের শুধুমাত্র এক দিক দিয়ে কবরস্থানে ঢুকতে দেওয়া হয়। গোরস্থানের প্রধান ফটকে মেটাল ডিটেক্টর আর্চওয়ে স্থাপন করে সবার দেহ তল্লাশি করে তবেই ঢুকতে দেওয়া হয়। এছাড়া কবরস্থানে ঢুকে পুস্প অর্পণের পর পুলিশ সদস্যরা আওয়ামী লীগ নেতা-কর্মীদের খুব বেশি সময় সেখানে অবস্থান করতে দেয়নি। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের মিলাদ মাহফিল দ্রুত শেষ করে গোরস্থান থেকে দ্রুত বের হয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের বেশ কয়েকবার তাগাদা দিতে দেখা যায়। সকাল সোয়া আটটায় গোরস্থান মসজিদে মিলাদ অনুষ্টিত হয়। মিলাদ শেষে আওয়ামী লীগ নেতারা চলে যাওয়ার পর সর্ব সাধারণের জন্য গোরস্থান খুলে দেওয়া হয়। এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা গুলশান অঞ্চলের উপ-পুলিশ কমিশনার বিধান ত্রিপুরা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কবরস্থান এলাকায় প্রায় পাঁচশ' র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। দেশে জরুরি অবস্থার কারণে সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ রয়েছে। শোক দিবসের কর্মসূচি পালনের নামে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্যই এ কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/১২১৬ ঘ.