ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাঙালি জাতির শোকের দিন ১৫ আগস্টে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছে। জরুরি অবস্থার কারণে এবার অনেক কম অনুষ্ঠানের মধ্যে দিয়েই স্মরণ করা হবে মহান বাঙালি শেখ মুজিবুর রহমানকে।
আওয়ামী লীগের কর্মসূচি
বুধবার ভোর সাড়ে পাঁচটায় আওয়ামী লীগ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সকল পর্যায়ের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করবে। সকাল আটটায় ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা। সকাল সাড়ে আটটায় বনানী গোরস্থানে বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্য ও আত্মীয়দের কবরে শ্রদ্ধা নিবেদন ও গোরস্থান মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দলীয় ব্যবস্থাপনায় বাদ জোহর দেশব্যাপী মসজিদে-মসজিদে মিলাদ মাহফিল ও বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হবে।
টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ আজ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন। তাঁরা সেখানে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা জানান, রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সকাল সোয়া দশটায় টুঙ্গিপাড়া আসবেন। বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল দশটা ৪০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। সকাল ১১ টায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ টুিঙ্গপাড়া এসে পৌঁছাবেন। সকাল ১১ টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে ১১ টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
এছাড়া আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন।
অন্যান্য সংগঠনের কর্মসূচি
১৫ আগষ্ট উপলক্ষে সকাল আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে সকাল সাড়ে আটটায় জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও এতিমখানায়সহ বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হবে। ছাত্রলীগের উদ্যোগে সকাল আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বন্যার্তদের মাঝে খাবার বিতরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে অবিলম্বে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর ও এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত আন্তর্জাতিক চক্রকে চিহ্নিত করার দাবি জানিয়েছেন।
অন্যদিকে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ অপর এক বিবৃতিতে রাষ্ট্রীয়ভাবে ১৫ আগস্ট পালনের দাবি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএইচবি/এমএইচবি/২৩২৩ ঘ.
bdnews24