ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৬০ বছরের বিমল দাস মরার মতো পড়ে আছেন। পাশে মাথায় হাত দিয়ে বসে ছেলে স্বপন । দুইটি সুঁচ দিয়ে ফোটা ফোটা স্যালাইন ঢুকছে বিমল দাসের দেহে।
বৃদ্ধ হলেও পুরনো ঢাকার জুতার দোকানের কর্মচারী বিমল দাসের তেমন কোনো রোগবালাই ছিল না। শনিবারও দিনভর কাজ করেছেন। রাতে হঠাৎ করে কি থেকে কি হলো। বারবার বমি করছেন। সেই সঙ্গে পাতলা পায়খানা। তারপর ক্রমশ নিথর হয়ে পড়লেন। উঠে পায়খানায় পর্যন্ত যেতে পারলেন না। বিছানাই নষ্ট করতে লাগলেন।
রীতিমত ঘাবড়ে গিয়ে পরিবারের লোকজন বিমলকে নিয়ে তড়িঘড়ি ছুটলেন মহাখালী কলেরা হাসপাতালের দিকে। বেলা ১২টার দিকে হাসপাতালে ভর্তি করা হলো তাকে। বিকেল ৩টার দিকে অবস্থার কিছুটা উন্নতি দেখা গেল। তিনি তখন চোখ মেলে তাকাচ্ছিলেন।
সেই সঙ্গে মুছে যাচ্ছিল ছেলে স্বপনের মুখের দু:শ্চিন্তার রেখা। যেন মৃত্যুর মুখ থেকে ফিরে পেলেন বাবাকে।
বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে রাজধানী এবং আশেপাশের এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। প্রতিদিন আইসিডিডিআরবি কলেরা হাসপাতালে চিকিৎসার জন্য আসছে হাজার খানেক রোগী। গত এক সপ্তাহের বেশি সময় ধরে ক্রমাগত রোগির সংখ্যা বাড়তে বাড়তে হাজারে পৌঁছেছে। প্রতিষ্ঠানটির ইতিহাসে একদিনে রোগির এটিই সর্বোচ্চ সংখ্যা। গত শনিবার এ অবস্থারই প্রেক্ষাপটে আইসিডিডিআরবি 'জরুরি অবস্থা' ঘোষণা করে।
এ অবস্থায় সরকার রোগির চাপ কমিয়ে উপযুক্ত সেবা নিশ্চিত করতে প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে ডায়রিয়া রোগিদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। কিন্তু অন্য হাসপাতালের প্রতি তত আস্থা না থাকায় বেশিরভাগ মানুষই ছুটছেন কলেরা হাসপাতালে।
পুরনো ঢাকা মিটফোর্ড হাসপাতালে বেলা ১২টায় জিঞ্জিরা থেকে ডায়রিয়া আক্রান্ত হাবিবুর রহমানকে নিয়ে আসেন তার ভাই মিলন। বেলা ২টা পর্যন্ত তার চিকিৎসার কোনো ব্যবস্থাই হয়নি। নার্সরা জানালেন, চিকিৎসকরা সেমিনারে থাকায় কিছু করা যাচ্ছে না। পরে বেলা ২টায় হাবিবুর রহমানকে স্যালাইন দেওয়া হয়।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মাহমুদা খাতুন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " অভিযোগ শুনেছি। ব্যবস্থা নেওয়া হবে।"
মিটফোর্ডে কয়েকদিন ধরে ডায়রিয়া আক্রান্ত রোগির সংখ্যা প্রতিদিন বাড়ছে। রোববার সেখানে ২৬ জন ভর্তি হয়েছে। আগের দিন ভর্তি হয় ১৮ জন। একসপ্তাহ আগে এ সংখ্যা ছিল ৭।
আইসিডিডিআর,বি-র কর্মকর্তা আজহারুল ইসলাম খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে রোববার বলেন, "রোগি আসার ধরণ দেখে মনে হচ্ছে, অবস্থা কালকের মতোই। রোগির সংখ্যা বেড়ে যাওয়ায় আরেকটি জায়গায় ত্রিপল টানিয়ে অস্থায়ীভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ওখানে আড়াইশ সিট রয়েছে।"
তিনি বলেন, "তিনদিনে রোগীর সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে। সেটা এখনো অব্যাহত আছে। এখনো আমরা সামাল দিতে পারছি। আরো বাড়লে কি অবস্থা হবে সেটা বলা মুশকিল। "
রোববার দুপুর দুইটার সময় আইসিডিডিআরবি পরিদর্শনে যান সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। বের হয়ে যাওয়ার সময় মইন উ আহমেদ সাংবাদিকদের জানান, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কিছু রোগি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হবে।
তিনি রোগির চাপ কমাতে শিগগিরই হাজী ক্যাম্পে একটি অস্থায়ী ডায়রিয়া চিকিৎসা কেন্দ্র চালু করার প্রস্তাব করেন। সেই সঙ্গে কলেরা হাসপাতালে প্রয়োজন হলে সেনা চিকিৎসকরা এসে সহায়তা করতে পারে বলে তিনি জানান। পরিদর্শন কালে তিনি এ বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।
রোগির ঢল সামাল দিতে আইসিডিডিআরবি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালের বাইরে বেশ কয়েকদিন আগে থেকেই ত্রিপলের ছাউনি দিয়ে রোগিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এতেও স্থান সংকুলান না হওয়ায় হাসপাতাল আঙিনায় আরেকটি খোলা জায়গায় ত্রিপল টানিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রোববার দেশব্যাপী ৩ হাজার ১৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ১হাজার ৬৯২ জন, চট্টগ্রামে ৪৫২ জন, রাজশাহীতে ৬৯৩ এবং সিলেটে ১১০ জন আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য উপদেষ্টা জানিয়েছেন, বন্যা শুরুর পর থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন রোগে মোট ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ডায়রিয়ায় ১১ জন, প্রজননতন্ত্রের সমস্যাজনিত আরটিআই রোগে সাতজন, সাপের কামড়ে ২১ জন এবং পানিতে ডুবে ৩২০ জনের মৃত্যু হয়েছে।
মতিউর রহমান জানান, এ পর্যন্ত সারাদেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৪ হাজার ৯৮৯ জন ভর্তি হয়েছে। এদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। আইসিডিডিআরবি-তে ভর্তি হয়েছে আট হাজার ৩৭৫ জন। এদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।
তিনি বিভিন্ন সময়ে বন্যা আক্রান্ত ও বন্যামুক্ত বছরের ডায়রিয়ার তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, এবার তুলনামূলকভাবে দেশে ডায়রিয়া কম হয়েছে। যা হচ্ছে তাতে আতংকিত হওয়ার কিছু নেই। সরকার ডায়রিয়ার চিকিৎসার জন্য কাজ করছে।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সরকারের হাতে বর্তমানে পর্যাপ্ত ওষুধের মজুদ রয়েছে। বন্যা পরিস্থিতির কারণে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান 'এসেনসিয়াল ড্রাগস কোম্পানি' এ পর্যন্ত দুই কোটি ওরাল স্যালাইন বেশি উৎপাদন করেছে।
দেশের বন্যা উপদ্রুত যেসব এলাকায় ডায়রিয়ার চিকিৎসাসহ প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেসব এলাকার জন্য ভ্রাম্যমান হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত ২২টি ভ্রাম্যমান হাসপাতাল ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কাজ শুরু করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসকে/২২০৬ ঘ.
bdnews24