ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের তিনটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সারাদেশে ধারাবাহিকভাবেই কমছে নদনদীর পানি। ফলে গত ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। তবে এখনও ১৪টি পয়েন্টে ১২টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে।
অবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, লঘুচাপের কারণে রোববার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সহকারী আবহাওয়াবিদ নাইমা বাতিন রোববার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের তিনটি সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের নদী বন্দরগুলোকে দুই নম্বর এবং অন্যান্য নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা সারোয়ার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব নদীর পানি কমা অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। বিশেষ করে বিপদসীমার ওপরে থাকা ঢাকা ও এর আশপাশের নদনদীগুলোর পানিও ধারাবাহিকভাবে কমায় এ অঞ্চলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।"
আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে বন্যা কেটে যাবে। বৃষ্টি হলেও এর প্রভাব খুব একটা পড়বে না বলেও জানান তিনি।
ঢাকার ডেমরা পয়েন্টে বালু নদীর পানি সাত সেন্টিমিটার ও নারায়ণগঞ্জ পয়েন্টে শীতলক্ষ্যা নদীর পানি পাঁচ সেন্টিমিটার কমে বিপদসীমার ২০ ও ১৪ সেন্টিমিটার ওপরে রয়েছে। মিরপুর পয়েন্টে তুরাগ, টঙ্গী পয়েন্টে টঙ্গী খালের পানিও কমতে শুরু করেছে। এই দুই পয়েন্টে পানি বিপদসীমার ৪৪ ও ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তারাঘাট পয়েন্টে কালিগঙ্গা, জাগীর ও রিকাবীবাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি বিপদ সীমার ৪৪, ৫১ ও ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
এ ছাড়া আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি ১৩ সেন্টিমিটার কমে বিপদ সীমার ১২ সেন্টিমিটার ওপরে রয়েছে। আশা করা হচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ নদীর পানি বিপদ সীমার নিচে চলে আসবে।
গঙ্গা অববাহিকার নদনদীগুলোর মধ্যে গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে পদ্মার পানি ৯ ও ৫ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৪২ ও ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মেঘনা অববাহিকায় কংস নদীর পানি জারিয়াজানজিল পয়েন্টে ১৪ সেন্টিমিটার কমে বিপদ সীমার দুই সেন্টিমিটার ওপরে রয়েছে। ভৈরব বাজার পয়েন্টে মেঘনা নদীর পানি কমেছে ৮ সেন্টিমিটার। বর্তমানে এ পয়েন্টে পানি বিপদ সীমার ৩৫ সেন্টিমিটার এবং চাঁদপুর পয়েন্টে ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এমআই/১২৫০ ঘ.
bdnews24