২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীর কলেরা হাসপাতালে রোগীর মিছিল

পাঁচ বছরের রুমার পেটে ব্যাথা শুরু হয় শুক্রবার রাতে। রাত দুটোর দিকে পায়খানা সঙ্গে শুরু হয় বমি। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়তে থাকে সে। তার রাজমিস্ত্রী বাবা শহীদুল ও মা রানুরা শনিবার ভোরে ফজরের আজানের সময় মেয়েকে রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) হাসপাতালে নিয়ে আসেন। শনিবার রাতে ডাক্তাররা জানান, রুমার অবস্থা এখন কিছুটা ভালো। তবে বাবা-মায়ের দুশ্চিন্তা তাতে কমেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 06:51 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছরের রুমার পেটে ব্যাথা শুরু হয় শুক্রবার রাতে। রাত দুটোর দিকে পায়খানা সঙ্গে শুরু হয় বমি। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়তে থাকে সে। তার রাজমিস্ত্রী বাবা শহীদুল ও মা রানুরা শনিবার ভোরে ফজরের আজানের সময় মেয়েকে রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) হাসপাতালে নিয়ে আসেন। শনিবার রাতে ডাক্তাররা জানান, রুমার অবস্থা এখন কিছুটা ভালো। তবে বাবা-মায়ের দুশ্চিন্তা তাতে কমেনি। রানুরা জানালেন, তারা সব সময় টিউবওয়েলের পানি ফুটিয়ে পান করেন। তবে বাসন কোসন তো ফুটানো পানিতে ধোয়া যায় না। আর পানিতে এতো দুর্গন্ধ যে ফুটানোর পরও তা যায় না। মুগদা ঝিলপাড়ে তাদের বাসায় পানি ওঠার পর থেকেই খাওয়ার পানিতে দুর্গন্ধ পাচ্ছেন। টিউবওয়েলটির নিচের অংশ ও সংযোগ পাইপ পানিতে তলিয়ে গেছে। এখন পানি কমলেও দুর্গন্ধে এলাকায় টেকা দায়। শহীদুল জানালেন, তাদের আশেপাশের বাড়িতে আরো কয়েকজনের ডায়রিয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আইসিডিডিআরবিতে ভর্তিও হয়েছেন। যাত্রাবাড়ী থেকে শাহিদা তার তিন বছরের ছেলে রিমুকে নিয়ে একই হাসপাতালে এসেছেন শনিবার সকালে। তিনি জানান, রাত ১২টার দিকে তার ছেলের পাতলা পায়খানা আর বমি শুরু হয়। ডাক্তার দেখিয়ে স্যালাইন ও সিরাপ খাইয়েছেন। কিন্তু তাতে কাজ হয়নি। সকালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রিমুকে হাসপাতালে নিয়ে এসেছেন তিনি। শাহিদা জানান, তার বাড়িতে পানি ফুটিয়ে পান করা হয় না। সরাসরি কলের পানি পান করা হয়। বন্যা শুরু হওয়ার পর থেকে তার এলাকার পানিতেও দুর্গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি আড়াই বছরের সিরাজের মা কাজল রেখাও একই কথা জানালেন। তাদের বাড়িতে পানি ওঠেনি। তবে খাওয়ার পানিতে দুর্গন্ধ পাচ্ছেন। তার ছেলেটি সপ্তাহখানেক ধরে অসুস্থ। বুধবার রাতে হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হয় তার। স্যালাইন খাইয়েছেন। কিন্তু সুস্থ না হওয়ায় বৃহস্পতিবার সকালে হাসপাতালে নিয়ে আসেন। কিছুটা সুস্থ হলে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। আবার শুক্রবার রাত থেকে পাতলা পায়খানার সঙ্গে বমি শুরু হওয়ায় শনিবার সকালে ছেলেকে আবার হাসপাতালে ভর্তি করেছেন। ভোলা থেকে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়েছে দশ বছরের জাহেদা। শুক্রবার রাত থেকে তার বমি আর পাতলা পায়খানা শুরু হয়। তাকে নিয়ে আসা আত্মীয়রা জানান, প্রথমে স্যালাইন খাইয়েছেন। এতে কাজ হয়নি। শনিবার রাত ৮টায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জাহেদার বোনের শ্বশুড় ডেকোরেটরের দোকানের কর্মচারী বারেক জানান, মিরপুর ২ নম্বর সেকশনের পেছন দিকে তাদের ঘরে এখনো হাঁটু পানি। বাড়ির আশেপাশের আরো কয়েক বাড়িতে ডায়রিয়া হয়েছে বলে তিনি জানান। জাহেদার দুলাভাই শুক্কুর আলী জানান, রাতে ডাক্তার পাননি। সকালে একজনকে পেলেও পানির মধ্যে তাদের বাড়িতে যেতে রাজি হননি তিনি। জাহেদাকে সারাদিন স্যালাইন খাওয়ানো হয়েছে। ওই এলাকায় স্যালাইনের দামও বেশি জানিয়ে তিনি বলেন, "২০ টাকা দিয়ে চার প্যাকেট খাওয়ার স্যালাইন কিনেছি। চারটাকা দাম হলেও দোকানদার এখন ৫টাকার কমে বিক্রি করছে না।" রাজধানীর এ হাসপাতালটিতে একের পর এক রোগী আসছে। রাত সাড়ে ৯টায় হাসপাতালের নিবন্ধন কর্মীরা জানান ৮০৮ জন ভর্তি হয়েছেন। আর ১০টায় বের হয়ে আসার সময় জানালেন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮২৮ জন। এ সময় আরো তিনজনকে নিবন্ধনের জন্য অপেক্ষা করতে দেখা গেল। নিবন্ধনের অপেক্ষায় থাকা তৃতীয়জন রইসা এসেছেন ছয় মাসের মেয়ে মীমকে নিয়ে। মিরপুরে তার বাসার আশেপাশে বন্যা নেই। তবু হঠাৎ করে তার মেয়ের পাতলা পায়খানা আর বমি শুরু হয়েছে। কোলের ওপর মেয়েটি এখন আর নড়াচড়া করতে পারছে না। একেবারে দুর্বল হয়ে পড়েছে। মেয়ের পানির মতো পাতলা পায়খানায় আঁচল ভিজে গেছে রাইসার। কেবল শিশুই নয়, ডায়রিয়া আক্রান্ত নব বয়সী নারী-পুরুষের যেন মিছিল শুরু হয়েছে মহাখালীর কলেরা হাসপাতালে। চিকিৎসক, সেবিকা আর কর্মচারীরা রোগী সামালাতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে রোগীর আত্মীয়-স্বজনদের সহযোগিতা চেয়ে মাইকিং করছে কর্তৃপক্ষ। হাসপাতালে কোনো রোগী আসার সঙ্গে সঙ্গে তাকে বিছানায় ফেলে স্যালাইন দেওয়া হচ্ছে। কোনো কোনো রোগীকে নিবন্ধনের আগেই প্রবেশ পথেই স্যালাইন লাগিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। এখাকার বিছানাগুলোও বিশেষভাবে তৈরি। দুইপাশে কাঠের সঙ্গে নরম চামড়ার মতো উপকরণ দিয়ে তৈরি এসব বিছানার মাঝখানে ফুটো। তার সঙ্গে লাগানো পাইপ। রোগীকে এমনভাবে শুইয়ে রাখা হয় যাতে পায়খানা ওই ফুটো দিয়ে বের হয়ে জমা হয় বিছানার নিচে রাখা বালতিতে। সেখানেই দেহ থেকে নির্গত মল আর পানি জমা হয়। শরীরে পানির অভাব পূরণের জন্য কোনো কোনো রোগীর হাতে পায়ে একাধিক স্যালাইনের ব্যাগ লাগানো হয়েছে দেখা গেল। মারাত্মক অসুস্থ হয়ে এসে চিকিৎসা নিয়ে কয়েক ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন রোগীদের কেউ কেউ। মোহাব্বত আলী এমনই একজন। বাড্ডা থেকে শনিবার দুুপুরে এসে ভর্তি হয়েছেন তিনি। রাত ১০টার দিকে ছাড়পত্র নিয়ে চলে গেলেন। তবে দ্রুত সুস্থ হয়ে চলে যাওয়ার হার খুব বেশি নয় বলে জানালেন হাসপাতালে চিকিৎসকরা। এদিকে রোগীর চাপ বেশি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়ার পর দ্রুত রোগীদের ছেড়ে দিচ্ছেন। হাসপাতালের স্বল্পকালীন চিকিৎসা বিভাগের প্রধান আজহারুল ইসলাম খান বলেন, রোগীর চাপ বেশি হওয়ায় দ্রুত ছেড়ে দেওয়া হচ্ছে। তবে ঝুঁকি থাকলে কাউকে ছাড়া হচ্ছে না বলে জানান তিনি। আজহারুল ইসলাম খান জানান, প্রতিদিন হাজার খানেক রোগী ভর্তি হচ্ছেন। আর বিদায় নিচ্ছে বড়জোর চারশ। তাহলে প্রতিদিন ছয়শ রোগী থেকেই যাচ্ছে। এ অবস্থায় রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে জানিয়ে তিনি বলেন, "আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কর্মচারীদের ছুটি বাতিল করে, একাধিক শিফটে ডিউটি করে কাজ চালিয়ে যাচ্ছি।" হাসপাতালের কর্মচারী আনোয়ার হোসেন বললেন, "গত তিনদিন ধরে আমি পোশাক খুলতে পারি না। বাড়িতে যাইতে পারি না। তিনদিন পর আজকে (শনিবার) এইখানেই গোসল করছি। কিন্তু পোশাক পাল্টাতে পারি নাই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/০০৪৯ ঘ.