ঢাকা, আগষ্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রতি শনিবার উন্মুক্ত দিবস (ওপেন হাউজ ডে) হিসেবে পালন করবে ঢাকা মহানগর পুলিশ।
শনিবার দুপুরে পুলিশ কমিশনার নাঈম আহমেদ তার কার্যালয়ে এই দিবস চালুর ঘোষণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার জানান, প্রতি শনিবার সকাল ১১টায় প্রতিটি থানায় উন্মুক্ত দিবসের সভা হবে। এতে সংশ্লিষ্ট থানা এলাকার বিভিন্ন পেশার মানুষ পুলিশ সদস্যসের সঙ্গে সরাসরি কথা বলবেন। এভাবে মতবিনিময়ের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণসহ প্রতিটি বিষয়ে পুলিশ ও জনগণের অংশীদারিত্ব বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান তিনি।
নাঈম আহমেদ জানান, এই উন্মুক্ত দিবস চালু করা হয়েছে কমিউনিটি পুলিশ নীতিমালার আওতায়। মহানগরীর ৩২টি থানা এই কর্মসূচির আওতায় পড়বে।
তিনি বলেন, "মহানগরীর প্রতিটি থানায় ইতোমধ্যে সার্ভিস ডেলিভারি নামে একটি সেবা কর্মসূচি চালু করা রয়েছে। পুলিশ ছাড়পত্র সনদের জন্য ওয়ানস্টপ সার্ভিস চালু করায় বিদেশযাত্রীদের দুর্ভোগ কমেছে। এখন উন্মুক্ত দিবস চালু করায় সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব অনেকটাই কমে আসবে।"
তবে কোনো অপরাধী যেন কোনোভাবে এই কর্মসূচির সঙ্গে জড়িত হতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
উন্মুক্ত দিবসের কর্মসূচির আওতায় প্রতিটি থানা এলাকায় বিভিন্ন পেশার অন্তত ৩০ জন প্রতিনিধি থাকবেন। সংশ্লিষ্ট ক্রাইম জোনের উপ-পুলিশ কমিশনার বা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সভার সভাপতিত্ব করবেন। এছাড়া প্রতিটি জোনের সংশ্লিষ্ট কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে সভায় উপস্থিত থাকতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২১৫৯ ঘ.
bdnews24