রাজশাহী, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৩৭ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহীর সাবেক সাংসদ নাদিম মোস্তফার স্ত্রী নূরুন্নাহার পারুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মূখ্য মহানগর হাকিম আদালতের হাকিম আফজাল হোসেন এই আদেশ জারি করেন।
পারুলের মালিকানাধীন বিষ্ময় কন্সট্রাকশন প্রাইভেট লিমিটেডের সাবেক অংশীদার শাহীন আলী গত ১১ জুন রাজশাহীর মূখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, শুরু থেকে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অংশীদার থাকলেও বিভিন্ন সময়ে মতের মিল না হওয়ায় ২০০৬ সালে শাহীন প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়ান। বছর শেষে দেনা-পাওনার হিসাবে প্রতিষ্ঠানের কাছে শাহীনের পাওনা দাঁড়ায় ৩৭ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। সেই অনুযায়ী ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নূরুন্নাহার পারুল শাহীনকে একটি চেক দেন। কিন্তু অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় বেসিক ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ফেরত দেয়। ব্যাংকের মেমোরেনডাম অনুযায়ী চেকটি ভাঙানো যাবে না বলে শাহীনকে জানানো হয়।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট হেলাল আহমেদ জানান, ওই ঘটনার পর পারুলকে একটি আইনি নোটিশ দেওয়া হয়। কিন্তু সেই নোটিশের জবাব না পেয়ে গত ১১ জুন তার বিরুদ্ধে মামলা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২২৫০ ঘ.
bdnews24