২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে পাঠানো নোটিশ কার্যক্রম সঠিক ছিল: হাসান মশহুদ

হাসান মশহুদ চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো দুর্নীতি দমন কমিশন--দুদকের পাঠানো নোটিশ আইনগতভাবে সঠিক ছিল। দুদক চেয়ারম্যান বলেন,"তবে আদালত যদি মনে করে যে, সেটা ঠিক ছিলনা-তাহলে সে স্বাধীনতা তাদের আছে। কোথায় ভুল হয়েছে তা আদালত ধরিয়ে দিলে সেটা দুদক শুধরে নেবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 04:57 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- হাসান মশহুদ চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো দুর্নীতি দমন কমিশন--দুদকের পাঠানো নোটিশ আইনগতভাবে সঠিক ছিল। দুদক চেয়ারম্যান বলেন,"তবে আদালত যদি মনে করে যে, সেটা ঠিক ছিলনা-তাহলে সে স্বাধীনতা তাদের আছে। কোথায় ভুল হয়েছে তা আদালত ধরিয়ে দিলে সেটা দুদক শুধরে নেবে।" শেখ হাসিনার আবেদনে হাইকোর্টের দুদকের নোটিশের কার্যক্রম স্থগিত করার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের পর অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন," আইনী লড়াই শেষ হয়নি। আমরা এ লড়াইয়ে হার মানবো না। লড়াই ছেড়েও যাবো না।" তিনি বলেন,"নোটিশ বিষয়ে আইনগতভাবেও দুদক ঠিক আছে।" একই দিন কমিশনের সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, অনুসন্ধান ও তদন্ত না করেই সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার কাছে নোটিশ পাঠানো হয়। তিনি আরও বলেন, "আইন অনুযায়ী অনুসন্ধান ও তদন্ত না করে নোটিশ পাঠানোর ফলে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে এবং এর প্রেক্ষিতে হাইকোর্ট নোটিশের কার্যকারিতা স্থগিত করার নির্দেশ দিয়েছেন।" বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন দাখিল করে সরকার। তবে চেম্বার জজ বিচারপতি মো. হাসান আমিন আদালতে না বসায় কোনো শুনানি হয়নি। শেখ হাসিনার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার হাইকোর্ট দুদক নোটিশের কার্যকারিতা স্থগিত করে। দুদক চেয়ারম্যানের সঙ্গে জ্যেষ্ঠ আইনজীবীদের মত বিনিময় : ড. কামাল হোসেন, টিএইচ খান, হাবিবুল ইসলাম ভূইয়া, ড. এম জহিরসহ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী বৃহস্পতিবার দুদক কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময় করেন। এক বন কর্মকর্তার সম্পত্তির হিসাব দুদকে : উপ বন সংরক্ষক মো. সামসুল আলমের সম্পত্তির হিসাব ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের মাধ্যমে বুধবার দুদকে পৌঁছেছে। বৃহস্পতিবার সংবাদ ব্রিফিং-এ তথ্য জানানো হয়। হিসাব বিবরণে এ বন কর্মকর্তা দাবি করেন, তার ঢাকার রিভারভিউ প্রকল্পে চার কাঠার ও চট্টগ্রাম উন্নয় কর্তৃপক্ষের কল্পলোক আবাসিক এলাকায় ২ দশমিক ৭ কাঠার প্লট আছে। ডেমরার দুইটি স্থানে ও মুন্সিগঞ্জের রামপালের একটি স্থানে তার জমি আছে। এছাড়া, তার ২২ লাখ ৬৫ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং ৪০ ভরি অলংকার রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/জিএনএ/২২৩০ ঘ.