কক্সবাজার, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের তালিকাভুক্ত ডাকাত সাইদুল্লাহ (২৮) গণপিটুনিতে নিহত হয়েছে। দু'বছর পালিয়ে এলাকায় ফিরলে স্থানীয় জনতা বুধবার সন্ধ্যায় তাকে পিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
চকরিয়া থানা সূত্র জানায়, ডাকাতি ও হত্যা চেষ্টা মামলার আসামি সাহারবিল ইউনিয়নের সাইদুল্লাহকে বুধবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় জনতা পটুনি দেয়। দ্রুত চকরিয়া হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার সে মারা যায়।
স্থানীয়রা জানান, সাইদুল্লাহ চকরিয়ার দূর্ধর্ষ ডাকাত বেলালের প্রধান সহযোগী ছিল। প্রায় দুই বছর আগে পুলিশের 'ক্রসফায়ার' এ বেলালের মৃত্যু হলে সাইদুল্লাহ গা ঢাকা দেয়। কয়েকদিন আগে সে এলাকায় ফিরে এসেছিল।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইদুল্লাহর বিরুদ্ধে ডাকাতি ও হত্যা চেষ্টাসহ অন্তত আটটি মামলা আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭৩৮ ঘ.
bdnews24