কুমিল্লা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, "পুলিশের হয়রানির শিকার হয়নি এমন মানুষ সমাজে কম আছে। স্বাধীনতার ৩৬ বছর পরও পুলিশে পরিবর্তন আসেনি। আজ সময় এসেছে পুলিশে পরিবর্তন আসার।"
বুধবার দুপুরে কুমিল্লা কোতয়ালী থানায় 'সার্ভিস ডেলিভারি সেন্টার' এবং পুলিশ ওপেন ডে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মহা পুলিশপরিদর্শক বলেন, পুলিশ বাহিনীকে মানবিক মূল্যবাধে উদ্বুদ্ধ করার চেষ্টা শুরু হয়েছে।
পুলিশের কর্তব্য অবহেলা একদমই সহ্য করা করা হবে না। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি জানান গত ৬ মাসে ৭ হাজার পুলিশ কর্তব্য অবহেলার কারণে শাস্তির সস্মুখীন হয়েছেন।
নূর মোহাম্মদ বলেন, "এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, দেশ ও মানুষের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করার।"
মহা পুলিশ-পরিদর্শক বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সার্ভিস ডেলিভারি সেন্টার উদ্বোধন করেন এবং পুলিশ ওপেন ডে অনুষ্ঠানে দফাদার ও চৌকিদারদের মধ্যে টর্চ, বাইসাইকেল, ও মোবাইল ফোন বিতরণ করেন। ইউএনডিপি ও ডিএফআইডি'র আর্থিক সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
কুমিল্লার পুলিশ সুপার মীর শহীদুল ইসলামের সভাপতিত্বে মডেল থানার উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সংস্কার কমিটির পরিচালক ও অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক বিক্রম কুমার ত্রিপুরা, চট্টগ্রাম রেঞ্চের উপ মহা পুলিশ-পরিদর্শক আমির উদ্দিন, ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার হিউবার্ট স্টাফিও ভার, প্রোগ্রাম অফিসার সরেন লডস্টেন, কুমিল্লার জেলা প্রশাসক মো. মঞ্জুরুল রহমান, শিক্ষাবিদ আমীর আলী চৌধুরী, নারী নেত্রী দিলনাশিন মোহসীন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচবি/০০৩৫ ঘ.
bdnews24