ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -সারাদেশে বন্যা পরিস্থিতি উন্নতির পথে। অধিকাংশ নদনদীর পানি কমতে শুরু করেছে । তবে এখনও ১২টি পয়েন্টে ৮টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কর্মরত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বুধ্বার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুব দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে ঢাকা এবং মধ্যাঞ্চল বন্যামুক্ত হবে বলে আমরা আশা করছি।"
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঢাকায় বুড়িগঙ্গা নদীর পানি ৭ সেন্টিমিটার কমে এখন বিপদসীমার নিচে। ডেমরা পয়েন্টে বালু নদীর পানি ৫ সেন্টিমিটার ও নারায়ণগঞ্জ পয়েন্টে শীতলক্ষা নদীর পানি ১২ সেন্টিমিটার কমে বিপদসীমার যথাক্রমে ৪৫ এবং ৪৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। তবে মিরপুর পয়েন্টে তুরাগ, টঙ্গী পয়েন্টে টঙ্গী খালের পানি কিছুটা বেড়ে যথাক্রমে বিপদসীমার ৬৮ এবং ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া কালিগঙ্গা, ধলেশ্বরী নদীর পানিও কমেছে। কালিগঙ্গা নদীর পানি তারাঘাট পয়েন্টে, ধলেশ্বরী নদীর পানি জায়গির ও রিকাবীবাজার পয়েন্টে যথাক্রমে ১১০, ১১২ এবং ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
গঙ্গা অববাহিকার নদনদীগুলোর পানি কমা অব্যাহত রয়েছে। তবে ভাগ্যকূল ও গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি এখনও বিপদসীমার ৮৮ এবং ১০৪ সেন্টিমিটার ওপরে রয়েছে।
মেঘনা অববাহিকার নদনদীগুলোর মধ্যে মেঘনা নদীর পানি ভৈরব বাজার পয়েন্টে বিপদসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া বাকি নদনদীগুলোর বিপদসীমার নিচে রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১৪৫২ ঘ.
bdnews24