ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা 'লিভ টু আপিল' এর ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো শুনানি অব্যাহত থাকবে।
বুধবার বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি মো. হাসান আমিনের আপিল বিভাগের বিশেষ বেঞ্চ সকাল পৌনে দশটায় শুনানি গ্রহণ শুরু করে। মাঝে আধ ঘণ্টা বিরতি দিয়ে দুপুর একটা পর্যন্ত এ শুনানি চলে।
শুনানিতে মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বজলুল হুদার পক্ষের আইনজীবী নূরুল ইসলাম ভূঁইয়া পেপার বুক থেকে হাইকোর্টের মূল রায়ের অংশ আদালতে উপস্থাপন করেন। তিনি পেপার বুকের ৯৩৬ পৃষ্ঠা থেকে এক হাজার ৫৫ পৃষ্ঠা পর্যন্ত আদালতকে পড়ে শোনান।
শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, "আজকের শুনানিতে আমি প্রত্যেক সাক্ষীর ব্যক্তিগত সাক্ষ্য পড়ে শুনিয়েছি। বিশেষ করে আসামি বজলুল হুদার পক্ষে-বিপক্ষে সাক্ষ্যগুলো পড়া শেষ করেছি।"
এই হারে পেপার বুক পড়লে আরও সাত দিন লাগতে পারে বলেও জানান তিনি।
পেপার বুকটিতে মোট ২ হাজার ৩২৪টি পৃষ্ঠা রয়েছে।
শুনানির সময় আদালতে আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে খান সাইফুর রহমান, আব্দুর রাজ্জাক খান, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ হায়দার আলী ও সাবেক বিশেষ কৌসুলি আনিসুল হক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৩৩০ ঘ.
bdnews24