নাটোর, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও সম্পদ লুটপাটের অভিযোগে সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২৮ জনের বিরুদ্ধে মঙ্গলবার নাটোরে মামলা হয়েছে।
সদর উপজেলার মমিনপুর গ্রামের ব্যবসায়ী মুনছের আলী নাটোর প্রথম আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
বাদী অভিযোগ করেছেন, দুলুর নির্দেশে অন্য আসামিরা তাকে ২০০৪ সালে জেএমবিতে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। তিনি রাজি না হওয়ায় ওই বছরের ২ জানুয়ারি ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসামিরা। ১২ হাজার টাকা চাঁদা দেয়ার পরও তারা বাকি টাকার জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে তার বাড়িতে হামলা চালিয়ে প্রায় এক লাখ টাকার সম্পদ লুটপাট করা হয়।
আদালত মামলাটি গ্রহণ করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত ২৪টি মামলা হয়েছে। এরমধ্যে বাড়ি পোড়ানোর একটি মামলায় তার আট বছরের সাজা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচ/এসএনডি/
bdnews24