বাগেরহাট, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মোরেলগঞ্জ উপজেলার তেতুলবাড়িয়া বাজারের ১৪টি দোকান মঙ্গলবার ভোরে পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যরা প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে বলে দমকল কর্মীরা জানান।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণকান্ত বিশ্বাস সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, উপজেলা প্রশাসনের পক্ষে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার সুযোগ না থাকায় বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬১৮ ঘ.
bdnews24