ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া আসেন। তিনি দুর্গত এলাকা ঘুরে দেখেন এবং বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন।
এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে উপদেষ্টা বলেন, "বন্যার্তরা খুব কষ্টে আছে। এ কষ্ট লাঘব করা সরকারের পক্ষে একা সম্ভব নয়। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।"
তবে এখনও আন্তর্জাতিক সাহায্য চাওয়ার মতো পরিস্থিতি হয়নি দাবি করেন এম এ মতিন বলেন, "প্রয়োজন হলে অবশ্যই সাহায্য চাওয়া হবে।"
জেলা প্রশাসক আবদুল হাই এর সভাপতিত্বে ওই সভায় যৌথবাহিনীর স্থানীয় কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শওকত আলম, পুলিশ সুপার আতাউল কিবরিয়া, সিভিল সার্জন শহিদ উদ্দিন আহমেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৬ ঘ.
bdnews24