ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -মামলাটি ছিল দ্রুত বিচার আইনের। কিন্তু হাকিম এমএ সালাম সেটি বিচার করেছেন ফৌজদারি কার্যবিধিতে। এ ভুলের জন্য মহানগর দায়রা জজের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এ ধরনের ভুল আর করা যাবে না শর্তে আদালত তাকে ক্ষমা করে দিয়েছে।
সোমবার দুপুরে অভিযুক্ত হাকিম এমএ সালাম ঢাকা মহানগর দায়রা জজ মো. আজিজুল হকের আদালতে এ ক্ষমা প্রার্থনা করেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ২৬ জুলাই ঢাকার সূত্রাপুরের একটি ছিনতাই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছিল। কিন্তু হাকিম এমএ সালাম ওই মামলা দ্রুত বিচার আইনে না করে ফৌজদারি কার্যবিধিতে সম্পন্ন করেছেন এবং রায় দিয়েছেন। এতে একজনকে পাঁচ বছর কারদণ্ড ও জরিমানা এবং আরেকজনকে খালাস দেন তিনি ।
দণ্ডিত শাহীনুর ইসলাম এই বিচারের বিরুদ্ধে আপিল করলে মহানগর দায়রা জজ গত ২৯ জুলাই এমএ সালামকে আদালতে হাজির হয়ে এর কারণ দর্শাতে নির্দেশ দেন।
সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হকের কাছে আর কখনও এমন ভুল হবে না মর্মে লিখিত জবাবের কপি নিয়ে হাজির হন তিনি।
বিচারক শুনানিতে এমএ সালামকে উদ্দেশ্য করে বলেন, "দ্রুত বিচার আইন যেহেতু একটি বিশেষ আইন এবং এই আইনেই খালাস এবং দণ্ডের বিধান রয়েছে তাই এক্ষেত্রে অপর কোনো আইন প্রযোজ্য হবে না। এ সাধারণ বুদ্ধিটুকু আপনার থাকা উচিত ছিল।" শুনানির সময় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম আইনবিষয়ক এই প্রতিবেদকসহ আরও কয়েজন সাংবাদিক এজলাসে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এমএইচবি/২৩০০ ঘ.
bdnews24