২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সাবেক সেনা সদস্যসহ আট ডাকাত গ্রেপ্তার

রাজধানীর হাজারিবাগ এলাকার এক স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক সাবেক সেনা সদস্যসহ আট জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার বিকেলে মগবাজারে র‌্যাব-২ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 02:25 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারিবাগ এলাকার এক স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক সাবেক সেনা সদস্যসহ আট জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার বিকেলে মগবাজারে র‌্যাব-২ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মোয়াজ্জেম হোসেন (৩০), মো. শফিকুল ইসলাম ওরফে শফিক (৩৫), মো. সুমন মোল্লা (২৭), মো. আবুল হাসান (৪৫), মো. ইরান খান ওরফে হীরা মিয়া (৩৬), মো. মোহন জোয়াদ্দার (২০), শ্রী গোবিন্দ চন্দ্র কর্মকার (৩০) ও মো. আবুল কালাম (৪৫)। এদের মধ্যে আবুল কালাম সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট। তিনি ঢাকা সেনানিবাসে কর্মরত থাকা অবস্থায় ২০০৬ সালে চাকরিচ্যুত হন। এই আটজনের সবাইকে সংবাদ সম্মেলনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তারা জানান, ওই আট ব্যাক্তি গত ৬ জুলাই র‌্যাবের পোশাক পড়ে হাজারীবাগের ৬২ ভাগলপুর লেনের সুকুমার কর্মকারের বাড়িতে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে সুকুমার কর্মকারের ছোট ভাই শিশির কর্মকার বাদি হয়ে হাজারীবাগ থানায় একটি মামলা করেন। গত রোববার র‌্যাব-২ এর সদস্যরা ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই আটজনকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে র‌্যাবের দুটি জ্যাকেট, একটি কালো কাপড়, একটি ব্যাগ, ১৩ ভরি স্বর্ণালংকার ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। এদের মধ্যে বাদির ছোট ভাই গোবিন্দ চন্দ্র কর্মকার ডাকাতি পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোবিন্দ জানান, নিতাই নামের এক ব্যাক্তির মাধ্যমে ডাকাত দলের সদস্যদের সঙ্গে তার পরিচয় হয়। ডাকাতি শেষে লুট করা মালামাল থেকে সে ৪০ হাজার টাকা ভাগ পেয়েছেন। এছাড়া ঘটনার দিন ডাকতির আগেই তিনি তার অংশের স্বর্ণ বাড়ি থেকে সরিয়ে অন্য জায়গায় রেখে দেন। র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক এম আকবর আলী জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কালাম, মোহন ও অপর এক ব্যাক্তি (তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাবে না) কারাগারে বন্দি থাকা অবস্থায় একটি ডাকাত দল গড়ে তোলার পরিকল্পনা করে। আর তাদের তথ্যদাতা হিসেবে কাজ করে হাসান। হাসানের মাধ্যমেই গোবিন্দের সঙ্গে দলের অন্য সদস্যদের পরিচয় হয়। এম আকবর আলী জানান, ঘটনার দিন ওই বাড়ি থেকে লুট করা ৪৩ ভরি স্বর্ণ বায়তুল মোকাররমের একটি দোকানে বিক্রি করে দেয় ডাকাতরা। দোকানটি চিহ্নিত করা হলেও দোকান মালিককে এখনো গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্তরা র‌্যাবের জ্যাকেট কীভাবে পেলো জানতে চাইলে তিনি বলেন, "র‌্যাবের পোশাক সদরদপ্তর থেকে সরবরাহ করা হয়। একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এসব পোশাক সরবরাহ করে থাকে। ধারণা করা হচ্ছে, ওই প্রতিষ্ঠানের কারো মাধ্যমেই এসব জ্যাকেটগুলো সরবরাহ করা হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/১৯১৮ ঘ.