সাতক্ষীরা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বিডিআর।
নিহতের নাম জিয়ারুল ইসলাম(২৪)। তিনি কলারোয়ার সীমান্তবর্তী গ্রাম রায়পুরের গোলাম মোড়লের ছেলে।
রোববার ভোররাতে বিএসএফের হাকিমপুর ফাঁড়ির সদস্যদের গুলিতে জিয়ারুল নিহত হন বলে ৪১ রাইফেলস ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর নুরুল মোমেন চৌধুরী জানান।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জিয়ারুলের লাশ হাকিমপুর এলাকায় পড়ে রয়েছে।
বিডিআর আরও জানায়, কাকডাঙ্গা সীমান্তে গুলি ছোড়ার কিছুক্ষণ পর দুবলি ক্যাম্পের বিএসএফ সদস্যরাও মেইন পিলার ১০ এর কাছ থেকে বাংলাদেশ সীমান্ত লক্ষ করে কয়েক রাউন্ড গুলি চালায়। এর জবাবে বিডিআরের কুশখালি ফাঁড়ির সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। তবে তাতে কেউ হতাহত হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৪ ঘ.
bdnews24