ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উত্তরাঞ্চলে নদ-নদীর পানি কমা অব্যাহত থাকলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে রাজধানী ও এর আশপাশের এলাকায়। রাজধানীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পূর্বাঞ্চলের বাসাবো, দক্ষিণগাঁও, নন্দীপাড়া ও ত্রিমোহনীর তিন-চতুর্থাংশ এখনই তলিয়ে গেছে পানির নিচে।
ঢাকার ওপর বা পাশ দিয়ে বয়ে যাওয়া পাঁচটি নদীর মধ্যে চারটিতেই পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। শনিবার পর্যন্ত বুড়িগঙ্গার পানি বিপদ সীমার নিচে থাকলেও ৭২ ঘণ্টার মধ্যে বিপদ সীমা অতিক্রম করবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বৃষ্টি না হলেও ঢাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। বালু, শীতলক্ষা, তুরাগ ও টঙ্গীখালের পানি বিপদসীমার ৩০ থেকে ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইফুল হাসান জানান, আগামী তিনদিনে এ চারটি নদীর পানির উচ্চতা ২৫ থেকে ৩০ সেন্টিমিটার বা এক ফুটের মতো বাড়বে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটিও প্রভাব রাখতে পারে বন্যায়। লঘুচাপের ফলে সাগরে পানি নামার গতি ধীর হয়ে গেলে বন্যার পানি সরতে দেরি হবে।
শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সাইফুল হাসান বলেন, "বুড়িগঙ্গার পানি গত ২৪ ঘণ্টায় ১৩ সেন্টিমিটার বেড়েছে। আগামী তিনদিনে এ নদীর পানিও বিপদসীমা অতিক্রম করবে। এতে ঢাকার আশেপাশে নতুন নতুন এলাকা প্লাবিত হবে। ইতোমধ্যে প্লাবিত এলাকাগুলোরও আরো অবনতি হবে।
বন্যা পরিস্থিতির কতটুকু অবনতির আশঙ্কা রয়েছে জানতে চাইলে তিনি বলেন, "ঢাকার পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে। তবে রামপুরা সড়ক অতিক্রম করে মূল শহরে পানি ঢোকার আশঙ্কা কম। তবে তিনদিনের মধ্যে পানি বৃদ্ধির হার আরো বাড়লে রামপুরা সড়কও তলিয়ে যেতে পারে। অন্যদিকে পশ্চিমাঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকায় খুব বেশি অবনতির আশঙ্কা নেই।"
বন্যা পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগও বেড়েছে। রাজধানীর পূর্বাঞ্চলে বাসাবো, দক্ষিণগাঁও, নন্দীপাড়া, ত্রিমোহনী এলাকা তলিয়ে গেছে। ত্রিমোহনী-নন্দীপাড়া এলাকার অধিকাংশ বাড়িতে নৌকা ছাড়া ঢোকার কোনও উপায় নেই। ত্রিমোহনীর শেষ প্রান্তে গুদারাঘাট এলাকায় পানি রাস্তা তলিয়ে গেছে। এখনো রোগের প্রাদুর্ভাব হয়নি, তবে পানি নামতে শুরু করলে আর পূর্ব প্রস্তুতি না থাকলে অবস্থা ভয়াবহ হতে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা।
এদিকে শনিবার বন্যা পূর্বাভাস কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪টি নদীর ৩৩টি পয়েন্টে পানি কমেছে, বেড়েছে ২৭টি পয়েন্টে। ২৯ ট পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পদ্মা ও ধলেশ্বরীতে পানি বাড়তে থাকায় মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। মেঘনায় পানি বাড়ায় আশঙ্কার মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা।
শুক্রবার পর্যন্ত সরকারি হিসাবে দেশের মোট ৩৮টি জেলার ২০৬টি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা প্রায় ৭০ লাখ। আর মৃতের সংখ্যা ৬৫। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের তথ্য অনুযায়ী, বন্যা কবলিত ১৪০২টি ইউনিয়নে ৮৯ হাজার ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে ১ লাখ ৮৬ হাজার একর জমির ফসল। ১০৯টি সেতু ও কালভার্ট ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩৭১টি। মোট ৯০৩টি আশ্রয় কেন্দ্রে ২ লাখ লোককে ঠাঁই দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বন্যাকবলিত এলাকায় শুক্রবার পর্যন্ত ৩৪ লাখ ৭২ হাজার নগদ টাকা এবং ১৯ লাখ ৫০ হাজার ৮০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে বলে জানায় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর।
ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকার বেশ কয়েকটি নদীর পানি গত ২৪ ঘণ্টায় আরো বেড়েছে। ডেমরা পয়েন্টে বালু, নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা, মিরপুর পয়েন্টে তুরাগ, টঙ্গীতে টঙ্গী খাল, তারাঘাটে কালীগঙ্গা, জাজির ও রিকাবী বাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি আরো বেড়ে যথাক্রমে বিপদ সীমার ৩২, ৩২, ৩৯, ৩৯, ১৪১, ৭৭ ও ৮৩ সেন্টিমিটার ওপরে রয়েছে।
উত্তরাঞ্চলে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিভিন্ন পয়েন্টে ১ থেকে ২৭ সেন্টিমিটার পর্যস্ত কমেছে। পদ্মার পানি ভাগ্যকূল পয়েন্টে ৩ সেন্টিমিটার বেড়ে এখন বিপদসীমার ১০৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। অপরদিকে গোয়ালন্দ পয়েন্টে তা এক সেন্টিমিটার কমে বিপদ সীমার ১৪৯ সেন্টিমিটার ওপরে রয়েছে।
সুরমা ও কুশিয়ারায় পানি ১৭ থেকে ২৮ সেন্টিমিটার কমলেও তা এখনও বিপদসীমার ওপরে রয়েছে। পানি বেড়ে মেঘনা এখন চাঁদপুর পয়েন্টে বিপদসীমার ৪৫ এবং ভৈরব বাজার পয়েন্টে ৬৭ সেন্টিমিটার ওপরে রয়েছে।
সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
bdnews24