ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র্যাংগস ভবন নিয়ে আইনি লড়াই শুরু হয় আট বছর আগে।
১৯৯৩ সালের ১৮ ফেব্র"য়ারি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ র্যাংগস গ্র"পকে রাজধানীর বিজয় সরণিতে ২২ তলা ভবন নির্মানের অনুমোদন দেয়। কিন্তু এর প্রায় ছয় বছর পর রাজউকই আবার ভবনটির নকশার অনুমোদন বাতিল করে দেয়।
র্যাংগস ভবন তখন ১৬ তলা পর্যন্ত পৌঁছে গেছে। একই বছরের ২৬ সেপ্টেম্বর ভবনটির ছয় তলার ওপরের অংশ ভেঙে ফেলতে নির্দেশ দেয় রাজউক।
রাজউকের এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে র্যাংগস ভবন কর্তৃপক্ষ ১৯৯৯ সালে হাইকোর্টে রিট আবেদন করে। আর তখন থেকে শুরু দীর্ঘ আইনি লড়াইয়ের।
র্যাংগস ভবনের নকশা বাতিল ও ছয় তলার ওপরের অংশ ভেঙে ফেলতে রাজউকের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা পূর্ত সচিব ও রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চেয়ে হাইকোর্ট তখন রুল জারি করে। রাজউকের আদেশ তখন স্থগিতও করে দিয়েছিল হাইকোর্ট।
সরকার ও রাজউক রুলের জবাব দেওয়ার পর ২০০০ সালে হাইকোর্টে রিটটির ওপর চূড়ান্ত শুনানি হয়। দুপক্ষের বক্তব্য শুনে আদালত ২০০০ সালের ২ মে র্যাংগস ভবনের নকশা বাতিল ও ছয় তলার ওপরের অংশ ভেঙে ফেলার রাজউকের আদেশ অবৈধ ঘোষণা করে।
সরকার ও রাজউক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিল দায়ের করে সুপ্রিম কোর্টে। ২০০৫ সালের ৫ ডিসেম্বর আপিলটি শুনানির জন্য গ্রহণ (লিভ মঞ্জুর) করে আপিল বিভাগ।
এরপর চলতি বছরের ১৩ জুন আপিল বিভাগের অবকাশকালীন বিশেষ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য তারিখ ধার্য করা হয়।
কিন্তু শুনানির নির্ধারিত তারিখে আপিল বিভাগের একজন বিচারক বিব্রতবোধ করলে অবকাশকালীন বিশেষ বেঞ্চ ভেঙে যায়। আদালত নতুন বেঞ্চ গঠনের জন্য মামলার নথি পাঠিয়ে দেয় প্রধান বিচারপতির কাছে।
প্রধান বিচারপতি এরপর বিচারক মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে পাঁচ বিচারকের বেঞ্চ গঠন করে দিলে ২৪ জুলাই থেকে আবার শুরু হয় দু'পক্ষের আইনি লড়াই।
পাঁচ দিন আপিল বিভাগ দু'পক্ষের শুনানি গ্রহণ করে রায় দেওয়ার তারিখ ধার্য করে ২ আগস্ট।
বৃহস্পতিবার ৯টা ৪০ মিনিটে আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ পাঁচ মিনিটেই রায় প্রদান শেষ করে। এক বলা হয় র্যাংগস ভবনের ছয় তলার ওপরের অংশ অবৈধ। ছয় তলা পর্যন্ত রাখা যাবে। এভাবে সর্বোচ্চ আদালতে র্যাংগস ভবন নিয়ে আইনি লড়াই চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
তবে আইনি লড়াই এখনও শেষ হয়নি। র্যাংগস ভবন কর্তৃপক্ষ রায় পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে রিভিউ আবেদন দায়েরের ঘোষণা দেয়।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় র্যাংগস ভবন কর্তৃপক্ষ আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করার জন্য রায়টি স্থগিতের আবেদন জানায়। এতে বলা হয় আপিল বিভাগের রায়ের নকল কপি পেলে রিভিউ আবেদন দায়ের করা হবে। সেই সময় পর্যন্ত রায় স্থগিতের আবেদন জানানো হয়।
কিন্তু বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত না বসায় রায় স্থগিত রাখার বিষয়ে র্যাংগস ভবনের আবেদনের ওপর শুনানি হয়নি। রোববার এ শুনানি হতে পারে।
অন্যদিকে, রায়ের অনুলিপি পাওয়ার পর র্যাংগস ভবন কর্তৃপক্ষ রিভিউ আবেদন করলে তখন ফের লড়াই শুরু হবে।
র্যাংস ভবন নিয়ে আইনি লড়াইয়ে সরকার ও রাজউকের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল। র্যাংগস ভবনের পক্ষে আছেন ব্যারিস্টার রফিক উল হক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/০৪১১ ঘ.
bdnews24