ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁদাবাজির মামলায় শেখ হাসিনার জামিন মঞ্জুর করে এবং জরুরি বিধিমালায় এ মামলার কার্যক্রম চালানোর ওপর স্থগিতাদেশ দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল ১৪ আগস্ট পর্যন্ত তা স্থগিত করেছে সুপ্রিমকোর্ট।
এই সময়ের মধ্যে হাইকোর্টে শেখ হাসিনার রিটের পর দেওয়া রুলের (জরুরি বিধিমালা সংক্রান্ত) শুনানি নিষ্পত্তির জন্য উভয়পক্ষের আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এই সময়ের মধ্যে নিয়মিত আপিল দায়ের করতেও বলেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ মাত্র দুই মিনিটের এ রায় দেন।
রায় দেওয়ার পর আদালত থেকে বের হয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা জরুরি ক্ষমতা আইনে ম্যাজিস্ট্রেট কোর্টে না চালানোর হাইকোর্টের আদেশ এবং তার জামিন আদেশ ১৪ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। আপিল বিভাগের এ আদেশের ফলে জরুরি ক্ষমতা আইনে নিু আদালতে এ মামলার বিচার কাজ চলবে।
আপিল বিভাগের আদেশে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "সরকার পক্ষ আপিল বিভাগকে বোঝাতে সক্ষম হয়েছে যে, হাইকোর্ট বিভাগ জরুরি ক্ষমতা আইনের যথাযথ ব্যাখ্যা না দিয়েই আদেশ দিয়েছে।"
হাইকোর্টের আদেশের কপি পেলে আপিল বিভাগে নিয়মিত আপিল করা হবে বলে তিনি জানান।
অপরদিকে শেখ হাসিনার কৌসুঁলি ব্যারিস্টার রফিক উল হক বিডিনিউজকে বলেন, "আপিল বিভাগ হাইকোর্টের আদেশ ১৪ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে। শেখ হাসিনার জামিন ও মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে স্থগিত করে দিল। ১৪ আগস্টের মধ্যে শেখ হাসিনার রিটটির চুড়ান্ত শুনানি নিস্পত্তির ব্যবস্থা করতে মামলার পক্ষগণকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।"
ব্যারিস্টার রফিক এ রায়ে হতাশা প্রকাশ করে বলেন, "সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী এসব রিট মামলার বিষয়বস্তুর নিস্পত্তি হবে হাইকোর্টে। আপিল বিভাগের এই এখতিয়ার নেই।"
আপীলের রায়কে কেন্দ্র করে সকাল থেকে সুপ্রিমকোর্টের নিরাপত্তা জোরদার করা হয়। পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ ও র্যাবসহ নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
আদালতে আদেশ প্রদানের সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাবেক স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ, আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন, ডা. দিপু মনি, শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ড. হাসান মাহমুদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
গত ৩০ জুলাই হাইকোর্ট চাঁদাবাজি মামলায় শেখ হাসিনাকে অর্র্ন্তবতীকালীন জামিন মঞ্জুর করে। এ ছাড়া হাইকোর্ট এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে না চালানোর জন্য সরকারকে নির্দেশ দেয়। মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর জন্যও সরকারের প্রতি রুল জারি করে হাইকোর্ট।
হাইকোর্টের এ আদেশ স্থগিতের জন্য সরকার ৩১ জুলাই সুপ্রিম কোর্টে আপিল করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত আদেশটি স্থগিত না করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
১ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আপিলটির ওপর শুনানি গ্রহণ শেষ করেন।
গত ১৬ জুলাই সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। তাকে ওইদিনই আজম জে চৌধুরীর চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের কয়েক ঘন্টা পর মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভূক্ত করে সরকার।
মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৯ জুলাই হাইকোর্টে রিট দায়ের করেন শেখ হাসিনা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এটি /এসকে ১৭৪৩ ঘ.
bdnews24