শওগাত আলী সাগর, টরন্টো থেকে
টরেন্টো, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
শেখ হাসিনার চাঁদাবাজি মামলার বিচার কার্যক্রম নিয়ে রোববার ওয়াশিংটনে জয়ের সঙ্গে যোগাযোগ করা হলে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি এই দাবির কথা জানান।
জয় টেলিফোনে বলেন, "আন্তর্জাতিক পর্যবেক্ষকের উপস্থিতি ছাড়া বিচারকাজ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।"
জয় বলেন, "শেখ হাসিনা কেবল একজন রাজনৈতিক নেত্রী নন। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী। আর বর্তমান সরকার হচ্ছে অনির্বাচিত একটি সামরিক সরকার। তাই আন্তর্জাতিক পর্যবেক্ষকের উপস্থিতি ছাড়া বিচার কাজ গ্রহণযোগ্য নয়।"
ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা তিন কোটি টাকার একটি চাঁদাবাজির মামলায় শেখ হাসিনাকে আটক করা হয়েছে ।
এর আগে দিল্লীভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস শেখ হাসিনার মামলায় জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধিসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকের ব্যবস্থা করার দাবি জানিয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমর্/এসএএস/টিএইচ/এসকে /১৭২৯ ঘ.
bdnews24