ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান প্রধান নদীগুলোয় পানি বাড়ার গতি কিছুটা কমেছে। এ থেকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আশা করছে, আগামী দুই একদিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। বিভিন্ন স্থান থেকে পানি কমে যাওয়ার খবর পাওয়া গেলেও কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে ভাঙন। তিস্তা ও ব্রহ্মপুত্রের ভাঙনে নীলফামারী ও গাইবান্ধা রয়েছে হুমকির মুখে। পদ্মা ও আড়িয়াল খাঁর ভাঙনে মাদারীপুরে কয়েকশ বাড়ি বিলীন হয়ে গেছে। অনেক স্থানে বাঁধ ভেঙ্গে গেছে। রাস্তা তলিয়ে অনেক উপজেলা জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিরাজগঞ্জ শহরটি এখনও রয়েছে পানির নিচে। বাঁধের খোলা অংশ দিয়ে যমুনার পানি ঢুকে প্লাবিত করছে ওই জেলার নতুন এলাকা। সহায়-সম্বল হারিয়ে বানভাসি মানুষেরা বিভিন্ন স্কুল কিংবা আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছে। খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। অনেক স্কুল পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষা কার্যক্রম হচ্ছে ব্যাহত। সিলেট, কুমিল্লা ও ফেনীতে পানি অনেকটাই কমেছে। ফেনী ও ফরিদপুরে বন্যার পানিতে ডুবে মারা গেছে চার শিশু। উপদেষ্টা তপন চৌধুরী মঙ্গলবার টাঙ্গাইলের বন্যা কবলিত এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
বন্যা পূর্ভাবাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদীগুলোর পানি ইতোমধ্যেই কমতে শুরু করেছে। তবে গঙ্গা অববাহিকার নদীগুলোর পানি বাড়লেও বাড়ার গতি আগের চেয়ে অনেকটা মন্থর হয়ে এসেছে। কমতে শুরু করেছে মেঘনা অববাহিকার নদ-নদীগুলোর পানিও। এ কারণে দু-একদিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়, ১৭টি পয়েন্টে ১১টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। এর মধ্যে কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি ১৯ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নুনখাওয়া ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানিও কমেছে ৫ সেন্টিমিটার। তবে এখনও এই দুই পয়েন্টে পানি যথাক্রমে ৫৬ ও ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে যমুনার পানি কিছুটা বেড়ে যথাক্রমে বিপদ সীমার ৮৮, ১১২ ও ১০০ সেন্টিমিটার ওপরে রয়েছে। তারাঘাট পয়েন্টে কালিগঙ্গা নদীর পানি বিপদ সীমার ২০ সেন্টিমিটার এবং রিকাবি বাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, গঙ্গা অববাহিকার নদীগুলোর মধ্যে গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে পদ্মার পানি যথাক্রমে ১৭ ও ১২ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১২২ ও ৭৮ সেন্টিমিটার ওপরে রয়েছে।
মেঘনা অববাহিকায় সুরমা, সোমেশ্বরী, কুশিয়ারা ও কংস নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এ অববাহিকার প্রায় সবগুলো নদ-নদীর পানি মঙ্গলবার ভোর ৬টার আগের ২৪ ঘণ্টায় ধারাবাহিকভাবে কমেছে।
সিলেট পয়েন্ট ছাড়া কানাইঘাট ও সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। তবে এখনও এই তিন পয়েন্টে পানি বিপদ সীমার ওপরে রয়েছে। কানাইঘাট পয়েন্টে ১০০ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ৩১ সেন্টিমিটার এবং সুনামগঞ্জ পয়েন্টে ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
দুর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি ১৪৪ সেন্টিমিটার এবং কংস নদীর পানি জরিয়াজানজিল পয়েন্টে ১৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া শেওলা পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিরা জানাচ্ছেন বন্যার খবর
bdnews24