ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ--ভারত সরাসরি রেল যোগাযোগ নিয়ে আলোচনার জন্য রোববার বাংলাদেশি কর্মকর্তাদের নিয়ে পরীক্ষামূলক একটি ট্রেন কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।
বাংলাদেশ রেলওয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, ৩৫ জন সরকারি কর্মকর্তাকে নিয়ে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল সাতটায় ট্রেনটি কলকাতার উদ্দেশে রওয়ানা দেবে।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কাজী আসাদ উল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে বলেন, "সকাল সাতটায় ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতার উদ্দেশে আমরা রওয়ানা হবো।"
বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি কে এম ইসমাইল।
গত ৮ জুলাই ৩২ সদস্যের একটি ভারতীয় প্রতিনিধি দল ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ শুরুর লক্ষে কলকাতা থেকে পরীক্ষামূলক মৈত্রী ট্রেন নিয়ে ঢাকা আসে।
সেসময় বাংলাদেশ ও ভারত দুই অংশেই অবৈধ চলাচল, কালোবাজারী ও দুর্বৃত্তায়ন ঠেকানোর জন্য দর্শনা-গেদে সীমান্তে ধাতব খাঁচা নির্মাণের ব্যাপারে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
১০ জুলাই যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের কর্মকর্তারা জানান, নিরাপত্তা সহ অন্যান্য অমীমাংসিত বিষয়গুলো নিস্পন্ন করতে ২৯ জুলাই বাংলাদেশ থেকে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন কলকাতা যাবে এবং কর্মকর্তারা ভারতীয় পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এই সফরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ-ভারত সরাসরি ট্রেন চালুর ব্যাপারে একটি সম্ভাব্য তারিখ ঠিক করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশের প্রতিনিধি দলটি আগামী ১ আগস্ট বাংলাদেশে ফিরে আসবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/জিএনএ/১৫১৫ ঘ.
bdnews24