২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাওরান বাজারের সিএ ভবনে আগুন

শনিবার রাতে রাজধানীর কাওরান বাজারে সিএ ভবনের ৯ তলায় আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডে কিছু সম্পদের ক্ষতি ছাড়া হতাহতের ঘটনা ঘটেনি। ১০ তলা এই ভবনটির তিনটি তলা জুড়ে রয়েছে দৈনিক প্রথম আলোর কার্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 05:22 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শনিবার রাতে রাজধানীর কাওরান বাজারে সিএ ভবনের ৯ তলায় আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডে কিছু সম্পদের ক্ষতি ছাড়া হতাহতের ঘটনা ঘটেনি। ১০ তলা এই ভবনটির তিনটি তলা জুড়ে রয়েছে দৈনিক প্রথম আলোর কার্যালয়। ভবনের নিরাপত্তারক্ষী মনিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে তিনি ৯ তলা থেকে ধোঁয়া উঠতে দেখে দৌড়ে গিয়ে প্রথম আলো কার্যালয়ে জানান। এর পর দমকলের কর্মীরা এসে খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলে। আগুন আর কোনও তলায় ছড়ায়নি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ তলায় রয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ (আইসিএবি) এর কার্যালয় । আগুনে সংগঠনের সহ-সভাপতি শওকত হোসেন ও মোস্তাফিজুর রহমানের কক্ষ পুড়ে গেছে। আগুনের আঁচে আইসিএবি'র সভাপতি ফরহাদ হোসেনের কক্ষেরও কিছু ক্ষতি হয়েছে। দমকলের ঢাকা বিভাগের উপ -পরিচালক সেলিম নেওয়াজ ভুঁইয়া জানান, বহুতল ভবনে আগুন লাগার খবর পেয়ে দমকলের ১০ টি ইউনিটের গাড়ি একযোগে রওনা দিয়েছিল। কিন্তু ২টি গাড়িই আগুন নিভিয়ে ফেলে। সেলিম নেওয়াজ ভুঁইয়া বলেন, " দমকল কর্মীরা ভবনটির দরজা-জানালা ভেঙে ভেতরে ঢোকে। আগুনে কক্ষের আসবাবপত্র ও কম্পিউটারের ক্ষতি হয়েছে। এছাড়া দরজা-জানালার ক্ষতি মিলিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকা।" দমকল কর্মকর্তা জানান, ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বৃষ্টির পানি পড়ে সৃষ্ট স্ফুলিঙ্গ (স্পার্ক) থেকে এ আগুন লাগে বলে তারা ধারণা করছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এইচডি/জিএমএ/ এসকে ২৩১১ ঘ.