ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য পদে দুইজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনে তিন যুগ্ম-সচিব এবং আট উপ-সচিব পদে রদবদল আনা হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয় এসব নিয়োগ ও বদলির আদেশ দেয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালাউদ্দিন আহম্মেদ ও সাবেক পাট সচিব মোখলেসুর রহমান খন্দকারকে এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ রেশম বোর্ডের চেয়ারম্যান আজিজুর রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, রেশম বোর্ডের সদস্য সুনীল চন্দ্র পালকে একই বোর্ডের চেয়ারম্যান এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব অপূর্ব কুমার বিশ্বাসকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া উপ-সচিব পদমর্যাদার আটজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট কমিশনারেটের কমিশনার আজহারুল হককে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুর রাশেদ খানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত উপ-সচিব আলমগীর মুহম্মদ মনসুর উল আলমকে একই মন্ত্রণালয়ে উপ-সচিব করা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক হুসনে জান্নাত সাহিদাকে একই সচিবালয়ের উপ-সচিব এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মনোজ কুমার রায়কে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) পরিচালক আব্দুল ওয়াহেদকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মো. নাসিম উদ্দিনকে নেপ এর পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ওএসডি উপ-সচিব আবুল কালাম খানকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২ এর উপ-পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/জেকে/এমএইচবি/২০৩৭ ঘ.
bdnews24